তত্ত্বাবধায়ক ফেরালে সুপ্রিম কোর্ট ভেঙ্গে দিতে হবে

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৫৩
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিরোধী দলের তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল দাবি নাকচ করে দিয়ে বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আবার ফিরিয়ে আনা হলে সুপ্রিম কোর্ট ভেঙ্গে দিতে হবে। একইসঙ্গে পবিত্র সংবিধানও লংঘন করা হবে। কারণ সংবিধানে বলা আছে, পৃথিবীর অন্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় আমাদের দেশে সেভাবে নির্বাচন হতে হবে। কোরআন পোড়ানো ও লাশের রাজনীতি থেকে বিরত থাকার জন্য তিনি বিরোধী দলীয় নেত্রীর প্রতি আহ্বান জানান। গতকাল শনিবার বিকালে রাজধানীর পল্লবী কমিউনিটি সেন্টারে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। যুদ্ধাপরাধীদের বিচার ও রায় দ্রুত কার্যকর দাবি এবং বিএনপি-জামায়াতের অশুভ রাজনীতির প্রতিবাদে মহানগর ১৪ দল এ জনসভার আয়োজন করে। মোহাম্মদ নাসিম বলেন, আমরা নির্বাচনে যাব। দুনিয়ার কোন শক্তি নির্বাচনকে ঠেকাতে পারবে না। সবাইকে আগামী নির্বাচনী লড়াইয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ৫ মাস পরে নির্বাচন হবে। নির্বাচনকালে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী শুধু তার দৈনন্দিন কাজ করবেন। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, আগামী ইলেকশনের আগে যুদ্ধাপরাধীদের অনেকের বিচার শুধু শেষ হবে না, অনেকের রায়ও কার্যকর করা হবে। স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লার সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ১৪ দলের কেন্দ্রীয় নেতা কামরুল আহসান খান, আবদুল হক সবুজ প্রমুখ।