বিরোধী দল সরকারের ফাঁদে পা দেয়নি

আপডেট : ০৮ জুন ২০১৩, ২২:৫৪
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া বলেছেন,সংসদে আওয়ামী লীগ ও তার জোটের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। সেখানে ৩০/৪১ জনের বিরোধী দল মুলতবি প্রস্তাব দিলে তা গ্রহণের কোনো সম্ভাবনাই ছিলো না।ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রস্তাবটি ভোটে দিয়ে ‘না’ ‘না’ বলে বাতিল করে দিতো। ওই মুলতবি প্রস্তাবটির মাধ্যমে সরকারি দল নির্দলীয় সরকারের বিষয়টির কবর রচনা করতে চেয়েছিলো। বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সেই ফাঁদে পা দেয়নি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। মুনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ। ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন,সরকার ষড়যন্ত্র করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে। সরকার যে বাজেট পেশ করেছে তা বাস্তবায়নের ক্ষমতা এ সরকারের নেই। প্রসঙ্গত যে, সংসদের অষ্টাদশ অধিবেশন শুরুর দিন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ফিরিয়ে আনার দাবিতে জমা দেয়া মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে নেয় বিএনপি। এর প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্দলীয় সরকার নিয়ে আলোচনার সব পথ বিরোধী দলই বন্ধ করে দিচ্ছে। এর মধ্যদিয়ে প্রমাণিত হয়েছে, বিরোধী দল আলোচনা চায় না। ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, আমরা মনে করি, এই প্রত্যাহার সঠিক সিদ্ধান্ত ছিল। প্রধানমন্ত্রী ওই প্রত্যাহারের বিষয়টি নিয়ে এখন যেসব বক্তব্য রাখছেন তা রাজনৈতিক শঠতা ছাড়া কিছুই নয়।