শেখ হাসিনা সরকার সকল সম্প্রদায়ের জন্য স্বর্ণালী অধ্যায় সৃষ্টির সরকার: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আপডেট : ১০ মে ২০১৯, ২১:৪৬

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা সরকার সকল সম্প্রদায়ের জন্য স্বর্ণালী অধ্যায় সৃষ্টির সরকার। শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধের চেতনার সরকার। শেখ হাসিনার সরকার হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টানের অধিকার প্রতিষ্ঠার সরকার।

আজ বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটি, ঢাকা আয়োজিত বাংলাদেশ সেবাশ্রম ফাউন্ডেশনের ১১তম বার্ষিক ধর্মীয় সম্মেলন ২০১৯-এ প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এসব কথা বলেন।
 
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের দেশ। এ দেশ কোন একক ধর্মীয় সম্প্রদায়ের দেশ নয়। এ দেশের সকল ধর্মাবলম্বীরা সকল অধিকার ভোগ করবে, এটাই আমাদের সংবিধানের কথা’।

সাম্প্রদায়িক রাজনীতির প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের পর রাষ্ট্রক্ষমতা দখল করে জিয়াউর রহমান বাংলাদেশে আবার খান এ সবুর, শাহ আজিজ, মওলানা আব্দুল মান্নান, এদেরকে রাজনীতিতে নিয়ে আসলেন। জামায়াতে ইসলামকে মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে আবার বাংলাদেশে প্রতিষ্ঠার সুযোগ করে দিলেন। সংবিধানের ৩৮ অনুচ্ছেদকে বাতিল করে ধর্মভিত্তিক রাজনীতি চালুর ব্যবস্থা করলেন এদেশে। মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, দেলওয়ার হোসেন সাঈদী, সালাউদ্দিন কাদের চৌধুরী, আব্দুল আলিমসহ স্বাধীনতাবিরোধী চিহ্নিত রাজাকার খুনীদের বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করে কারো কারো গাড়িতে বাংলাদেশের পতাকা উড়িয়ে জাতিকে, ৩০লক্ষ শহীদকে অপমানিত করা হয়েছিলো। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নের্তৃত্বে আবার সরকার প্রতিষ্ঠিত হয়েছে।’
 
শ ম রেজাউল করিম বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই শেখ হাসিনা সরকারের আমল সকল ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বর্ণালী অধ্যায় সৃষ্টি করেছে। আজকে দেশে মুসলিম সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ, খিষ্ট্রান সকলের জন্য রাষ্ট্রীয় সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।’

মাঝে মধ্যে ঘাপটি মেরে থাকা সাম্প্রদায়িক শক্তি মসজিদে, মন্দিরে, গীর্জায় আঘাত হানে উল্লেখ করে মন্ত্রী যোগ করেন, ‘ওদের কোনো ধর্ম নেই, ওরা সন্ত্রাসী, ওরা অসুর। ওদের বিরুদ্ধে আমাদের সকলকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে। আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে অসাম্প্রদায়িক সরকার কাজ করছে। শেখ হাসিনার পাশে সম্মিলিতভাবে আমাদের সকলকে দাঁড়াতে হবে’। 

আরও পড়ুনঃ দেবিদ্বারে তরুণীকে সিনেমা স্টাইলে গণধর্ষণ, ধর্ষক ইউপি সদস্য আটক

জঙ্গিদের আমরা নিবৃত করতে পেরেছি। কিন্তু নিঃশেষ করতে পারিনি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এই অধিকাংশ জঙ্গিরা হচ্ছে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক প্রতিক্রিয়াশীল মৌলবাদী। তাদের বিরুদ্ধে সকল ধর্ম, বর্ণের সকল মানুষ মিলে সোচ্চার হতে হবে। তাহলেই আমাদের ত্রিশ লাখ শহীদের রক্ত স্বার্থক হবে, দুই লাখ মা-বোনের সম্ভ্রম স্বার্থক হবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আরাধ্য সাধনা সফল হবে।’

ইত্তেফাক/নূহু