সাভার কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করতে গেলে পুলিশ শুক্রবার সন্ধ্যায় তা পণ্ড করে দিয়েছে। আহমেদ রুবেলের প্রথম স্ত্রী তানিয়া ফারিন মিশুর অভিযোগে ও মহিলা পরিষদের হস্তক্ষেপের ভিত্তিতে এ ঘটনা ঘটে বলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১২ সালে এই ছাত্রলীগ নেতা তার পরিবারের না জানিয়ে মিশুকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে বাড়িতে না এনে সাভারের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিল রুবেল। সম্প্রতি এই বিয়ের বিষয়টি রুবেলের পরিবারে জানাজানি হয়ে গেলে তারা অন্যত্র তার বিয়ে ঠিক করে। আগের বিয়ের ঘটনা পাত্রীপক্ষের পরিবারের কাছে জানালে রুবেলের সন্ত্রাসী বাহিনী মিশুকে বেধড়ক মারপিট করে। বাংলাদেশ মহিলা পরিষদ সাভার শাখার নেতৃবৃন্দ এ সংবাদ শুনে মিশুর পাশে দাঁড়ায় এবং তাকে চিকিত্সার জন্য হাসপাতালে ভর্তি করে।
সাভার থানার এসআই এ তথ্য নিশ্চিত করে জানান, মিশুর পরিবার মামলা না করায় রুবেলকে আটক করা হয়নি।
