চারটি রাবার বাগানে শ্রমিক বিক্ষোভ

আপডেট : ০৯ জুন ২০১৩, ২১:১৭
চাকরি নিয়মিতকরণ, বেতন-ভাতা বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে হবিগঞ্জে ৪টি বাবার বাগানে শ্রমিক বিক্ষোভ শুরু হয়েছে। বাগানগুলো হচ্ছে—শাহজীবাজার, রূপাইছড়া, মৌলভীবাজার জেলার সাতগাঁও ও ভাটেরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রশিক্ষণার্থী শ্রমিকদের স্কেল অনুযায়ী মজুরি প্রদান, চাকরি নিয়মিতকরণ, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণ। সিলেট হবিগঞ্জ জোন শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ জানান, ৪ দফা দাবি আদায়ের লক্ষ্যে ৪টি রাবার বাগানে শনিবার দুপুরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আগামী ১৫ দিনের মধ্যে দাবি আদায় না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। শাহজিবাজার রাবার বাগান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কবির বলেন, ১৫/ ১৬ বছর যাবত্ কাজ করার পরও অনেক শ্রমিকের চাকরি স্থায়ী হয়নি। মজুরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী টেপারের বেতন ৮/৯ হাজার টাকা হওয়ার কথা থাকলেও তারা পাচ্ছেন ৩ হাজার ৬শ’ টাকা। এ ব্যাপারে শাহজীবাজার রাবার বাগানের ব্যবস্থাপক প্রভাত চন্দ্র দত্ত বলেন, সমপ্রতি দৈনিকভিত্তিক শ্রমিকদের ভাতা বৃদ্ধি করা হয়েছে। সে অনুযায়ী প্রশিক্ষণার্থী শ্রমিকরা ভাতা দাবি করছেন। শনিবার শাহজীবাজার রাবার বাগানের বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহের আলী শাহ। বক্তৃতা করেন শ্রমিক নেতা হারুনূর রশীদ, মোঃ আব্দুল কবির, বাহার আলী শাহ।