প্রিন্স হ্যারি ও মেগানের সদ্যজাত সন্তানকে ‘শিম্পাঞ্জি’ বলে বিদ্রূপ করায় চাকরি গেল এক ব্রিটিশ রেডিও উপস্থাপকের। ড্যানি বেকার নামে বিবিসির ওই সাংবাদিক স্যুট টাই পরা এক শিম্পাঞ্জির ছবি দিয়ে টুইট করেছিলেন যে ‘রাজপুত্র হাসপাতাল ছাড়ছে।’
গত সোমবার ভোরে ব্রিটেনের রাজপরিবারের কনিষ্ঠতম সদস্যের জন্ম হয়। প্রিন্স হ্যারি এবং ডাচেস অব সাসেক্স মেগান মার্কেলের প্রথম সন্তান এটি। আর রাজসিংহাসনের উত্তরাধিকারের ক্রমে তাদের সন্তান আছেন সাত নম্বরে। মেগানের বাবা টমাস শ্বেতাঙ্গ আমেরিকান। মা গ্লরিয়া অ্যাফ্রো-আমেরিকান। তাই ব্রিটিশ রাজপরিবারে এই প্রথম মিশ্র-জাতি ও সন্তানের জন্ম হলো। এরপর শিশুটি হাসপাতাল ছাড়ার পর ড্যানি বেকার নিজের টুইটার ওয়ালে সেটি পোস্ট করেন। পরে সমালোচনার মুখে পোস্টটি মুছে ফেলে ক্ষমা চান তিনি। তারপরও চাকরি হারাতে হয়। নিজের চাকরি হারানোর খবরটিও টুইট করেন ড্যানি।
বিবিসি জানায়, ‘ড্যানির টুইট একটি মারাত্মক ভুল ছিল। আমরা যেই লক্ষ্য নিয়ে কাজ করি এটা সেই মূল্যবোধের পরিপন্থি।’ তারা জানায়, ‘ড্যানি একজন দারুণ সাংবাদিক তবে তিনি আর আমাদের সঙ্গে সাপ্তাহিক অনুষ্ঠান উপস্থাপনায় থাকছেন না।
