অবশেষে লিটনের পক্ষে জাতীয় ওলামা পার্টি

আপডেট : ০৯ জুন ২০১৩, ২২:১১
আসন্ন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে নাগরিক কমিটি মনোনীত ও মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষে মাঠে নেমেছে জাতীয় ওলামা পার্টির ওলামা-মাশায়েখরা। এ উপলক্ষে গত শনিবার নগরীর লক্ষ্মীপুরস্থ জেলা জাতীয় পার্টির (এ) অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় সভার আয়োজন করা হয়। জেলা ওলামা পার্টি আয়োজিত ঐ মতবিনিময় সভায় মহানগরীর ৩০টি মসজিদ-মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানের ওলামা-মাশায়েখরা লিটনকে সমর্থন দেয়ার ব্যাপারে একাত্মতা ঘোষণা করেন। রাজশাহী জেলা জাতীয় পার্টির (এ) সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা জাপার সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাপার সাংগঠনিক সম্পাদক শামসুদ্দিন রেন্টু ও দফতর সম্পাদক মাইনুল ইসলাম। সভা শেষে জাপা এবং ওলামা পার্টির নেতাকর্মীরা লিটনের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। সভায় জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক মাওলানা মফিদুল ইসলাম, পবা উপজেলা জাপার সভাপতি ফরমান আলী, জেলা জাতীয় যুব সংহতির সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক শাহ্ আলম বাদশা বরুন প্রমুখ উপস্থিত ছিলেন।