‘সাড়ে ২৪ লাখ মামলা নিষ্পত্তির অপেক্ষায়’

আপডেট : ০৯ জুন ২০১৩, ২২:১৫
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, দেশে বর্তমানে ২৪ লাখ ৫৫ হাজার মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বিকল্প পদ্ধতিতে (এডিআর) বিরোধের দ্রুত নিষ্পত্তি হলে এ মামলাজট কমবে। এডিআরের প্রতি জনগণকে আগ্রহী করে তুলতে মন্ত্রী বিচারক ও আইনজীবীদের প্রতি আহবান জানান। দেওয়ানি কার্যবিধি (সংশোধন) আইন-২০১২ অনুযায়ী বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তির বাধ্যতামূলক বিধান প্রয়োগ সংক্রান্ত মতবিনিময় সভায় আইনমন্ত্রী একথা বলেন। ঢাকা জেলা ও দায়রা জজ আবদুল মজিদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আইন প্রতিমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম এমপি, রাশেদ খান মেনন এমপি, মোস্তফা জালাল মহিউদ্দিন এমপি, আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব আবু আহমেদ জমাদার। শনিবার রাজধানীর একটি হোটেলে আইন ও বিচার বিভাগ এই সভার আয়োজন করে। আইনমন্ত্রী বলেন, বিচারের দীর্ঘসূত্রতার কারণেই আদালতে মামলাজট তৈরি হয়। এই দীর্ঘসূত্রতার কারণে বিচারপ্রার্থী জনগণের অর্থ ও সময় বেশি খরচ হয়। এসব কারণে জনগণও বিরোধ নিষ্পত্তির জন্য আদালতে আসতে ভয় পায়। তিনি বলেন, আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি বা এডিআর ব্যবস্থায় দ্রুততার সঙ্গে বিরোধ নিষ্পত্তি সম্ভব। এ কারণেই বিকল্প পদ্ধতিতে বিরোধ নিষ্পত্তি বাধ্যতামূলক করে পুরানো দেওয়ানি কার্যবিধি আইন সংশোধন করা হয়েছে। আইন প্রতিমন্ত্রী বলেন, বিত্তশালীরা উচ্চ আদালতে গিয়ে মামলার স্থগিতাদেশ নিয়ে আসেন। আর এই স্থগিতাদেশের কারণে নিম্ন আদালতে অনেক মামলা নিষ্পত্তি হচ্ছে না।