‘প্রতিনিধিত্বশীল সংসদ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান শক্তিশালী করা দরকার’

আপডেট : ০৯ জুন ২০১৩, ২২:১৫
‘সংবিধান, নির্বাচন ও বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যত্’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় বক্তারা বলেছেন, ক্ষমতার ব্যক্তিকেন্দ্রিকতাকে উচ্ছেদ করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করাই প্রতিনিধিত্বশীল সংসদ গড়ে তোলার একমাত্র উপায়। শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘গণসংহতি আন্দোলন’ আয়োজিত সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন তেল-গ্যাস-কয়লা-বিদ্যুত্-বন্দর-খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিষয়ের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, পানি বিশেষজ্ঞ প্রকৌশলী ম. ইনামুল হক, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সাংবাদিক নূরুল কবীর, সাংবাদিক আবু সাঈদ খান, অ্যাডভোকেট হাসানাত কাইয়ুম প্রমুখ। গণসংহতি আন্দোলনের সমন্বয়ক অ্যাডভোকেট আবদুস সালামের সভাপতিত্ব করেন। অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, বাংলাদেশ রাষ্ট্রের প্রায় কোন সিদ্ধান্তই নেয়ার ক্ষমতা এখানকার শাসকদের নেই। এরই ফলাফল হলো এখানকার অপ্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা। নূরুল কবির তার বক্তব্যে বলেন, আইন-শাসন-বিচার রাষ্ট্রের এই তিন বিভাগকে পৃথকীকরণ না করে ৭২ এর সংবিধানে যে অগণতান্ত্রিকতার ধারাবাহিকতা শুরু হয়েছিল, তারই ধারাবাহিকতায় আমরা এ পর্যায়ে এসেছি। সূচনা বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, ৭২ থেকেই বাংলাদেশের সংবিধান ছিল ব্যক্তিকেন্দ্রিক, কোন প্রতিষ্ঠানকে এদেশে যথাযথভাবে গড়ে উঠতে দেয়া হয়নি।