গাজীপুর শহরের পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ফরমালিন মেশানো প্রায় ৬শ’ ৬০ কেজি আম ধ্বংস করেছে। এ সময় তিন ফল ব্যবসায়ীকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
গাজীপুর জেলা বাজার কর্মকর্তা মুহাম্মদ আবদুছ ছালাম জানান, গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জীর নেতৃত্বে রাত আটটা থেকে নয়টা পর্যন্ত অভিযান চালায় আদালত। এ সময় আমের মধ্যে ক্ষতিকর ফরমালিন থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স বিসমিল্লাহ্ ফলের দোকানের মালিক মোঃ মানিক মিয়াকে ১০ হাজার টাকা, মেসার্স ইনসাফ ফল ভাণ্ডারের মালিক মোঃ হারুনকে তিন হাজার টাকা এবং মেসার্স বিক্রমপুর ফল ভাণ্ডারের মালিক মোঃ সেলিমকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
