হাসপাতালে কিংবদন্তি মান্না দে

আপডেট : ০৯ জুন ২০১৩, ২৩:০১
উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতশিল্পী মান্না দে গুরুতর অসুস্থ হয়ে বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অবস্থা সঙ্কটজনক, আইসিইউতে রাখা হয়েছে। তিনি নিউমোনিয়া ও কিডনি সংক্রান্ত জটিলতায় আক্রান্ত বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। ডায়ালিসিস চলছে। শনিবার তিনি হাসপাতালে ভর্তি হন। শিল্পী মান্না দে গুরুতর অসুস্থ এ সংবাদটি উদ্বেল করে তুলেছে প্রিয় সঙ্গীত মহলকে। গানের সুরে গত ৬৫ বছর ধরে বাংলা ভাষাভাষিদের মোহিত করেছেন তিনি। শিল্পীর অসুস্থতার খবরে উদ্বেল সকলে। বাংলাদেশে বারবার এসেছেন তিনি। শেষবার এসেছিলেন ২০০৯ সালে। তখন ৯০ বছর বয়সেও গান গেয়ে সম্মোহিত করেছিলেন দর্শকদের। গত পহেলা মে তিনি ৯৪ বছরে পা দিয়েছেন। উপমহাদেশের প্রবাদপ্রতীম শিল্পী মোহাম্মদ রফি মান্না দে’র গান সম্পর্কে বলেছিলেন:‘আপনারা আমার গান শোনেন, আমি মান্না দের গান শুনি। মান্না দে’র গায়কী শ্রোতার হূদয় আকুল করে সুরের দোলায় শ্রোতারা বুঁদ হয়ে শোনেন তার গান। এই বয়সেও প্রাণোচ্ছল মান্না দে তার প্রয়াত স্ত্রীর স্মৃতিতে গান রেকর্ড করার কথা ভেবেছিলেন। কিন্তু এর মধ্যেই অসুস্থ হয়ে পড়ায় তার সেই রেকর্ডিং বাতিল হয়। দীর্ঘদিন ধরেই মান্না দে বেঙ্গালুরুতে তার ছোট মেয়ের কাছে। সেখানেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে বাড়িতে বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। মান্না দে’র অবস্থা সঙ্কটজনক খবর পেয়ে কলকাতায় তার আত্মীয়-স্বজনরা বেঙ্গালুরু ছুটে গেছেন। কলকাতায় শিল্পীমহল উদ্বেগের সঙ্গে প্রহর গুনছেন। সকলেরই প্রার্থনা তিনি সুস্থ হয়ে উঠুন। হাসপাতালের চিকিত্সক থিমাপ্পা হেগড়ে ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, শিল্পীর অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। এ বছরই শিল্পীকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বঙ্গ বিভুষণ পুরস্কারে সম্মানিত করা হয়। বেঙ্গালুরুতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে সেই সম্মান তুলে দিয়ে এসেছিলেন। সেইসঙ্গে অনুরোধ জানিয়েছিলেন, কলকাতায় এসে স্থায়ীভাবে বসবাস করার জন্য।