তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড

৩৭ শ্রমিক পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার নির্দেশ

আপডেট : ০৯ জুন ২০১৩, ২৩:০৩
পরিচয় নিশ্চিত হতে আশুলিয়ার তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের মধ্যে ৩৭ জন পোশাক শ্রমিকের পরিবারের সদস্যদের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেন। এছাড়া তাজরীনের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন আগামী ১৯ জুনের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ সময়ের মধ্যে ডিএনএ পরীক্ষার অগ্রগতি প্রতিবেদনও আদালতে দিতে বলা হয়েছে। গতকাল তাজরীন গার্মেন্টস-এর অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় দাখিল করা রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ দেয়। শুনানিকালে আদালতে হাজির ছিলেন গার্মেন্টসটির মালিক দেলোয়ার হোসেন। হাইকোর্টের জিজ্ঞাসার জবাবে তিনি বলেন, নিহত ১১২ জন শ্রমিকের মধ্যে দুই দফায় ৯৮ জন শ্রমিকের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া হয়েছে। বাকিদের ডিএনএ শনাক্ত না হওয়ায় ক্ষতিপূরণ দেয়া সম্ভব হয়নি। গত বছরের ২৪ নভেম্বর রাতে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরীন ফ্যাশন লিমিটেড নামের তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় তিন নৃবিজ্ঞানী নাজনীন আক্তার বানু, সাইয়েদা গুলরুক কামাল ও মাহমুদুল হাসান গত ২৮ এপ্রিল হাইকোর্টে একটি রিট করেন। রিট আবেদনে ‘নিখোঁজ’ ৩৭ জন শ্রমিকের তালিকা জমা দিয়ে বলা হয়, এই শ্রমিকের পরিবারের সদস্যরা তাদের ডিএনএ পরীক্ষার জন্য নানাভাবে চেষ্টা করলেও কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি। এজন্য তারা কোনো ক্ষতিপূরণও পায়নি।