পানি উন্নয়ন বোর্ডের প্রায় সাড়ে ১১ কোটি টাকার টেন্ডারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিক্ষুব্ধ ঠিকারদাররা দিনাজপুরে গতকাল রবিবার সকালে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন। নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন তালা ঝুলানোর আগেই কার্যালয় ছেড়ে চলে যান। ঠিকাদার জামান, নাজমুল ও হাবিবের নেতৃত্বে ৩০/৪০ জন মৌখিক অভিযোগ করেন যে, পাউবোর দিনাজপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন কয়েকজন ঠিকাদারের সাথে গোপনে আঁতাত করে বাঁধের ব্লক নির্মাণ, নদী পুনঃখনন ও রেগুলেটর নির্মাণ বাবদ প্রায় সাড়ে ১১ কোটি টাকার কাজ ভাগবাটোয়ারা করে দেন।
প্রায় সাড়ে ১১ কোটি টাকার টেন্ডার ঘাপলার বিষয়টি ফাঁস হয়ে গেলে টেন্ডারে অংশ নেয়া বিক্ষুব্ধ ঠিকাদাররা বিক্ষোভ করেন এবং একপর্যায়ে নির্বাহী প্রকৌশলীর কক্ষে তালা লাগিয়ে দেন। পরিস্থিতি আঁচ করতে পেরে প্রকৌশলী তালা ঝুলানোর আগেই কার্যালয় থেকে চলে যান। ঠিকাদাররা ওই টেন্ডার বাতিল করে পুনরায় টেন্ডার আহ্বানের দাবি জানান। নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের অন্য কর্মকর্তাদেরও খুঁজে পাওয়া যায়নি। বিক্ষুব্ধ ঠিকাদারদের অভিযোগ, নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেন গোপনে যোগসাজশ করে বেআইনিভাবে তার পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দিয়েছেন। ঘটনা সম্পর্কে নির্বাহী প্রকৌশলী মোঃ আনোয়ার হোসেনের সাথে যোগাযোগের চেষ্টায় মোবাইল বন্ধ পাওয়া যায়।
