কিশোরগঞ্জ-৪ আসন

রেজওয়ান আহাম্মদ একমাত্র বৈধ প্রাথী

আপডেট : ০৯ জুন ২০১৩, ২৩:০৬
ইটনা, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও রাষ্ট্রপতি পুত্র রেজওয়ান আহাম্মদ তৌফিকের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রবিবার মনোনয়নপত্র বছাইয়ের দিনে জেলা রিটার্নিং অফিসার মো. জাহিদ হোসেন ত্রুটিজনিত কারণে অপর দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। এরা হলেন স্বতন্ত্র প্রার্থী অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সৈয়দ মহিতুল ইসলাম এবং জমিয়তে উলামা ইসলামের সাইফুল্লাহ খালেদ। এর ফলে রেজওয়ান আহাম্মদ তৌফিকই এখন একমাত্র বৈধ প্রার্থী। মনোনয়নপত্র বাতিল হওয়ার পর সৈয়দ মহিতুল ইসলাম সাংবাদিকদের জানান, তিনি তিন দিনের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করবেন। সেখানে সন্তোষজনক জবাব না পেলে তিনি উচ্চতর আদালতের আশ্রয় নিবেন। মনোনয়নপত্র প্রত্যাহরের শেষ তারিখ আগামী ১৭ জুন এবং ভোট গ্রহণের তারিখ ৩ জুলাই। উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে মো. আবদুল হামিদ অ্যাডভোকেট শপথ নেয়ায় কিশোরগঞ্জ-৪ সংসদীয় আসনটি শূন্য হয়।