নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে হবে দেশের তৃতীয় সমুদ্র বন্দর। শনিবার সন্ধ্যায় মংলা বন্দর জেটিতে জুলফিকার ও পশুর চ্যানেলে দিবারাত্রি জাহাজ চলাচলের জন্য গৃহিত ‘নেভিগেশনাল এইডস্ টু মংলা পোর্ট’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম এইচ আর ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন নাহার, প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেন খান ও সিবিএ সভাপতি সইজ উদ্দিন মিয়া প্রমুখ।
অনুষ্ঠানে মন্ত্রী জানান, ভারত, নেপাল, ভুটানসহ বিভিন্ন দেশ মংলা বন্দরকে ট্রানজিট হিসাবে ব্যবহার করতে আগ্রহী। মংলা বন্দরে ট্রানজিট চালু হলে দেশের দুটি সমুদ্র বন্দরে জাহাজের চাপ বেড়ে যাবে। সে ক্ষেত্রে দেশে তৃতীয় একটি সমুদ্র বন্দরের প্রয়োজন দেখা দেবে। ইতিমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের পর রামনাবাদে বন্দর নির্মাণ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মন্ত্রী আরো জানান, অচিরেই ঢাকা-খুলনা রুটে দুইটি স্টিমার চলাচল শুরু করবে।
