বিদ্যুত্ ও জ্বালানিতে ভর্তুকি কমলো

আপডেট : ১০ জুন ২০১৩, ২২:০২
আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিদ্যুত্ ও জ্বালানি খাতে ১৩ হাজার ৪৫০ কোটি টাকা ভর্তুকি দেয়া হয়েছে। যা চলতি অর্থবছর থেকে প্রায় ছয় হাজার ৯৫০ কোটি টাকা কম। ২০১৩-১৪ অর্থবছরে জ্বালানি খাতে ভর্তুকি রাখা হয়েছে ৭ হাজার ৯৫০ কোটি টাকা। আর বিদ্যুত্ খাতে বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছে ৫ হাজার ৫০০ কোটি টাকা। ২০১২-১৩ অর্থবছরেজ্বালানি খাতে ভর্তুকি ছিল ১৫ হাজার ২৩০ কোটি আর বিদ্যুত্ খাতে ৫ হাজার ১৭০ কোটি টাকা। এদিকে গত তিন বছর ধরে প্রতিবারই বিদ্যুত্ ও জ্বালানি খাতে প্রায় দুই হাজার কোটি টাকা করে বরাদ্দ বাড়ছে। গত বছর থেকে এবারও বিদ্যুতে প্রায় এক হাজার কোটি এবং জ্বালানি খাতে ১ হাজার কোটি টাকা করে বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০১৩-১৪ অর্থবছরে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে ১১ হাজার ৩৫১ কোটি ২০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে। এর মধ্যে বিদ্যুত্খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৯ হাজার ৬০ কোটি টাকা এবং জ্বালানি ও খনিজ সম্পদ খাতে ২ হাজার ২৯১ কোটি টাকা। এবার মোট বাজেটের ৫ দশমিক ১ শতাংশ বিদ্যুত্, জ্বালানি খাতে বরাদ্দ দেয়া হয়েছে। অর্থমন্ত্রী তার বাজেট প্রস্তাবে এইসব বরাদ্দের কথা জানান। এই বরাদ্দের প্রায় পুরোটাই উন্নয়ন খাতে খরচ হবে।