জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত এক প্রতিবাদ সভায় দলের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাসভবনের সামনে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। গতকাল সোমবার রাজধানীর কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় বক্তারা বলেন, ইনু যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলছেন। এ কারণে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা তাকে ভয়ভীতি দেখানোর জন্য তার বাসার সামনে বোমা হামলা চালিয়েছে। বক্তারা আরো বলেন, বোমা হামলার মতো সন্ত্রাসী কর্মকাণ্ড করে সরকারের গায়ে আঁচড়ও কাটা যাবে না, জাসদকে ভয়ও দেখানো যাবে না। বরং যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে তা বাস্তবায়ন আরো জোরদার হবে। বক্তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
শ্রমিক জোটের নিন্দা: ইনুর বাসভবনের সামনে বোমা হামলার নিন্দা জানিয়ে জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার ও সাধারণ সম্পাদক বাদল খান এক বিবৃতিতে বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে চান তাদের সকলের জীবন আজ হুমকির মুখে। তারা বোমা হামলা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
