রাজধানীর ইস্কাটনে অবস্থিত নাদিয়া ট্রাস্ট অ্যান্ড রিগ্যাল পোশাক কারখানার শ্রমিকেরা তিন দফা দাবিতে গতকাল সোমবারও বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে। আয়েশা নামে কারখানাটির এক সুইং অপারেটর জানান, টিফিন ভাতা, দুপুরে খাওয়ার লাঞ্চ ভাতা ও হাজিরা বোনাসের দাবিতে রবিবার বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এরই ধারাবাহিকতায় সোমবারও তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকালে শ্রমিকরা কারখানা চত্বরে বিক্ষোভ করেন। এরপর তারা অবস্থান শুরু করেন। বেলা সাড়ে ১১ টার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কাজ না করে পোশাক কারখানার চত্বরে শ্রমিকরা অবস্থান করছেন। এ সময় অনেকে বক্তব্য রাখেন। নাদিয়া ট্রাস্ট অ্যান্ড রিগ্যাল পোশাক কারখানার এক হাজার ৩০০ জন শ্রমিক রয়েছেন। শ্রমিকদের দাবিঃ তাদের নাশতার ভাতা ১২ থেকে ২০ টাকা এবং হাজিরা বোনাস ২০০ থেকে ৬০০ টাকা করতে হবে। দুপুরের খাওয়ার বিল দেয়া হয় না, মাসে ৭৫০ টাকা করে খাওয়ার বিল দাবি করছেন। সুইং অপারেটর আয়েশা জানান, জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ায় তারা এ তিনটি দাবি করছেন। মালিকপক্ষ এই দাবিগুলোর আংশিক মেনেছে। নাশতার ভাতা ১৬ টাকা ও হাজিরা বোনাস ৪০০ টাকা দেয়ার কথা বলেছেন তারা। দুপুরে খাওয়ার বিল দিতে অস্বীকৃতি জানিয়েছে মালিকপক্ষ। কারখানার সহকারী মহাব্যবস্থাপক সিরাজুল হক বলেন, শ্রমিকদের দাবি আংশিক মেনে নেয়া হয়েছে। আমাদের আরও ২৬টি প্রতিষ্ঠান আছে। এক কারখানার শ্রমিকদের দাবি মানলে অন্য কারখানার শ্রমিকদেরও দাবি মানতে হবে। এতে আমাদের ওপর চাপ পড়বে। কারখানা এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
