শীর্ষ তিন নেতার জেল ও জরিমানার প্রতিবাদে সারাদেশে জামায়াত-শিবিরের ডাকা গতকাল সোমবার সকাল-সন্ধ্যা হরতাল ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। হরতালে সারাদেশে ৭ পুলিশসহ আহত হয়েছে ১০ জন। এছাড়া জামায়াত-শিবিরের ২৭ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বিচ্ছিন্নভাবে ঘটেছে বাস-ট্রাক-গাড়ি ভাংচুরের ঘটনা। সারাদেশ থেকে আমাদের ব্যুরো অফিস, প্রতিনিধি ও সংবাদদাতার পাঠানো খবর।
চট্টগ্রাম: নগরীর মোমিন রোড ও ডিসি হিল এলাকায় গতকাল জামায়াত-শিবির মিছিল বের করে। এ সময় পিকেটাররা ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এছাড়া নগরীতে আর কোথাও হরতাল সমর্থকদের পিকেটিং করতে দেখা যায়নি। তবে পর্যাপ্ত গণপরিবহন না থাকায় স্থানীয়দের ভোগান্তি পোহাতে হয়েছিল।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লায় চাঁদমারী এলাকায় হরতালে গতকাল সকালে ইসলামী ছাত্র শিবির ঝটিকা মিছিল করে। এ সময় পুলিশ ও স্থানীয়রা মিলে মিছিলটিকে ধাওয়া করলে পিকেটাররা একটি বাস ও একটি ব্যাটারিচালিত অটো রিকশা ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে। তখন শিবির সমর্থকরা একটি ককটেল বিস্ফোরণ করে পালানোর সময় ২ শিবির কর্মীকে গ্রেফতার করে পুলিশ। এদিকে গত রবিবার রাতে শহরের চাষাঢ়ায় তাণ্ডব চালালেও গতকাল সকাল থেকে জামায়াত সমর্থকরা রাস্তায় ছিল না।
বগুড়া: গাড়ী ভাংচুর, রাস্তা অবরোধ, টায়ারে আগুন ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে গতকাল জেলায় হরতাল পালিত হয়েছে। কঠোর পুলিশী নিরাপত্তার মধ্যেও জামায়াত-শিবির কর্মীরা শহরের বিভিন্ন স্থানে মিছিল, পিকেটিং করেছে। এ সময় পিকেটাররা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণসহ ২টি সংবাদপত্রবাহী ট্রাক ভাংচুর করে।
নোয়াখালী: দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলায় শান্তিপূর্ণ হরতাল পালিত হয়েছে। তবে সেনবাগ উপজেলা সদরে জামায়াত-শিবির কর্মীরা লাঠি মিছিল করে দোকান বন্ধ করার চেষ্টা চালায়। এ ঘটনার জের ধরে পিকেটাররা আবদুল হাদির বন্ধ দোকানে হামলা করে সাইনবোর্ড ভাঙচুর করে।
লক্ষ্মীপুর: জেলায় গতকাল সড়ক অবরোধ, গাড়ী ভাংচুর, টায়ারে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মধ্য দিয়ে হরতাল পালিত হয়েছে। এছাড়াও শহরের উত্তর তেমুহনী এলাকায় ভোরে একটি যাত্রীবাহী নৈশ কোচ হরতাল সমর্থকরা ভাংচুর করে। এদিকে নাশকতার আশংকায় গতকাল ভোরে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ৫ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
ময়মনসিংহ: জেলায় গতকাল ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। শহরের মোড়ে মোড়ে র্যাব-পুলিশের পাশাপাশি ভ্রাম্যমাণ বিজিবি মোতায়েন করা হয়েছে। হরতাল সমর্থকদের কোন তত্পরতা ছিল না। জেলায় ট্রেন, টেম্পু, রিকশা চলাচল ছিল স্বাভাবিক।
ফেনী: জেলায় গতকাল ঢিলেঢালা ও শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। এদিকে জামায়াতের ৩ জনকে পুলিশ গ্রেফতার করেছে। জেলার ৬টি উপজেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও চট্টগ্রাম-মাইজদী মহাসড়কে দূরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ ছিল। জেলা সদরসহ ৬টি উপজেলায় রিক্সা, সিএনজি ও ইজি বাইক চলাচল করছে। স্কুল-কলেজ-মাদ্রাসা ছিল বন্ধ।
দিনাজপুর: জেলায় গতকাল ঢিলেঢালাভাবে হরতাল পালিত হয়েছে। হরতাল সমর্থকদের পিকেটিংকালে পুলিশ ৮ জন শিবির নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। তবে হরতালে জীবনযাত্রা ছিল স্বাভাবিক। স্কুলগুলোতে নিয়মিত পরীক্ষা হয়েছে।
রংপুর: হরতালে গতকাল সকালে রংপুর মহানগরীর লালবাগ এলাকায় সড়কে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে হরতাল সমর্থকরা বিক্ষোভ করে। ঘটনাস্থলে পিকেটাররা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় শিবিরের ৩ কর্মীকে পুলিশ গ্রেফতার করে। এছাড়া রংপুরের পীরগাছা উপজেলা থেকে জামায়াত নেতা ও দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি ইসরাফিল হোসেনকে (৪০) গ্রেফতার করে পুলিশ। অপরদিকে রংপুর মহানগরীতে গতকাল আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হরতাল বিরোধী মিছিল ও সমাবেশ করে।
চাঁপাইনবাবগঞ্জ: জেলায় গতকাল বিক্ষিপ্ত মিছিল ও পিকেটিংয়ের মধ্য দিয়ে হরতাল পালিত হয়। শহরের পিটিআই এলাকা থেকে ৩টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ। এ এলাকা থেকে সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও বালুগ্রাম কলেজের প্রভাষক দুরুল হোদাকে আটক করা হয়। এদিকে সোনামসজিদ স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানী ও লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক ছিল।
ঝিনাইদহ:কোটচাঁদপুরে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নানের মালিকানাধীন একটি বাস পুড়িয়ে দিয়েছে জামায়াত-শিবিরের পিকেটাররা। কোটচাঁদপুর থানার ওসি শহিদুল ইসলাম শাহিন জানান, জামায়াত-শিবিরের ৪০-৫০ জন পিকেটার কোটচাঁদপুর কালীগঞ্জ সড়কের ব্র্যাক অফিসের সামনে বাসটি থামিয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পুলিশ হেলাল নামে এক শিবির কর্মীকে গ্রেফতার করেছে।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ): হরতাল চলাকালে গতকাল পুলিশের একটি গাড়িকে লক্ষ্য করে জামায়াত-শিবির কর্মীরা বেশ কয়েকটি ককটেল নিক্ষেপ করে। ককটেলের আঘাতে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক নুরুজ্জামান ও কনস্টেবল আবু সাঈদ আহত হয়। পুলিশ এ সময় পিকেটারদের লক্ষ্য করে প্রায় ২০ রাউন্ড গুলি, শতাধিক রাবার বুলেট ও টিআরসেল নিক্ষেপ করে। পুলিশের গুলিতে আইয়ুব আলী (২২) নামে এক কৃষক গুলিবিদ্ধ হন। এ সময় পুলিশ জামায়াতের কর্মী রোকনসহ ৩ জনকে গ্রেফতার করে। এছাড়াও নগরবাড়ী-বগুড়া মহাসড়কে পিকেটাররা প্রায় ২০ থেকে ২৫টি গাড়ি ভাংচুর করেছে।
সদর দক্ষিণ (কুমিল্লা): জেলার ফয়েজগঞ্জ এলাকায় হরতাল চলাকালে গতকাল সকালে জামায়াত-শিবির দুই-তিনশ নেতা-কর্মীদের মিছিলের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক এসআইসহ ৫ পুলিশ ও ২ শিবির কর্মীসহ মোট ৭ জন আহত হয়েছে। সংঘর্ষের সময় পিকেটাররা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় শিবির কর্মী সাইফুল ইসলাম ও আব্দুল কাদেরকে গ্রেফতার করেছে পুলিশ।
