গত ৫ মে শাপলা চত্বরের সমাবেশে মধ্যরাতে আইন-শৃঙ্খলা বাহিনীর পিটুনি খেয়ে হেফাজতীরা সুবহানাল্লাহ বলে পালিয়েছে বলে আওয়ামী লীগের দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলামের আমীর দেশের শীর্ষ আলেম পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফী। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত মহান সৃষ্টিকর্তা আল্লাহর নাম নিয়ে কটাক্ষ করে চরম অমার্জনীয় অপরাধ করেছেন। এহেন মন্তব্য করে তিনি ইসলামের সাথে চরম উপহাস করেছেন, যা ক্ষমার অযোগ্য অপরাধ। শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশে সুরঞ্জিতের ঔদ্ধত্যের খুঁটির জোর কোথায়, জনগণ তা জানতে চায়।
তিনি বলেন, সুরঞ্জিত সেন আল্লাহর পবিত্র সত্ত্বা নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করে বহুবার মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন। ইসলাম নিয়ে উপহাস করে মুসলমানদের অন্তরে আঘাত দিয়ে একের পর এক নতুন বিতর্কের সৃষ্টি করেছেন। ক্ষমতাসীন দল এ ব্যাপারে কোন পদক্ষেপ না নেয়ায় সুরঞ্জিতের ঔদ্ধত্য বেড়ে গেছে। তিনি বলেন, সরকারকে তার এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের জন্য এখনই গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
এদিকে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, নায়েবে আমীর মাওলানা শামসুল হক, মাওলানা আবদুল মালেক হালিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুফতি হারুন ইজহার এক যুক্তবিবৃতিতে বলেন, মন্ত্রিত্ব হারানো দফতরবিহীন মন্ত্রী চট্টগ্রাম সার্কিট হাউজে ‘সামপ্রদায়িক সমপ্রীতি ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক’ কথিত গোলটেবিল আলোচনায় যে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
