তৃতীয় দিনের মতো হাসপাতালে ম্যান্ডেলা

আপডেট : ১০ জুন ২০১৩, ২৩:০৬
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা তৃতীয় দিনের মতো হাসপাতালে চিকিত্সাধীন আছেন। তবে তার শারীরিক অবস্থা অপরিবর্তনীয়। তিনি আইসিইউতে আছেন। ফুসফুসে সংক্রমণজনিত সমস্যার কারণে ম্যান্ডেলাকে শনিবার প্রিটোরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। খবর বিবিসি ও এএফপির। গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, নেলসন ম্যান্ডেলা এখনো হাসপাতালে চিকিত্সাধীন এবং শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল। রবিবারও হাসপাতালের চিকিত্সকরা একই তথ্য জানিয়েছিলেন। প্রেসিডেন্ট কার্যালয়ের মুখপাত্র ম্যাক মহারাজ বলেছেন, হাসপাতালে ম্যান্ডেলার কাছে যেতে সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। সাধারণত ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) একজন রোগীর জন্য ডাক্তাররা রোগীর কাছে যেতে যে ধরনের কড়াকড়ি আরোপ করেন, ম্যান্ডেলার ক্ষেত্রেও তাই করা হচ্ছে। প্রেসিডেন্ট জ্যাকব জুমা সবাইকে ম্যান্ডেলার সুস্থতার জন্য দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন। ম্যান্ডেলার কন্যা জিনজি গার্ডিয়ান পত্রিকাকে বলেন, আমি আমার বাবাকে দেখেছি এবং তিনি সুস্থ রয়েছেন। তিনি একজন যোদ্ধা। শারীরিক অসুস্থতার কারণে ম্যান্ডেলা এবার নতুন করে হাসপাতালে ভর্তি হওয়ার পর গোটা দক্ষিণ আফ্রিকাজুড়ে এক ধরনের বিষণ্নতা তৈরি হয়েছে। তার সুস্থ হয়ে ফেরা নিয়ে জনগণের মধ্যে অনিশ্চয়তা বিরাজ করছে। শুধু দক্ষিণ আফ্রিকা নয়, তার শারীরিক অবস্থা নিয়ে বিশ্ব নেতৃবৃন্দও উদ্বেগ প্রকাশ করেছেন। আগামী মাসে ম্যান্ডেলা ৯৫ বছরে পা দিতে যাচ্ছেন। তিনি সমপ্রতি নানা ধরনের স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন। এর আগে গত এপ্রিলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি ১০ দিন হাসপাতালে কাটান। এরপর স্থানীয় সময় শনিবার সকালে আকস্মিকভাবে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে জোহানেসবার্গের বাসভবন থেকে আবারও হাসপাতালে নেয়া হয়। এ নিয়ে গত সাত মাসের মধ্যে তিনি চতুর্থবারের মত হাসপাতালে ভর্তি হলেন। দক্ষিণ আফ্রিকার জাতির জনক হিসেবে খ্যাত ম্যান্ডেলা ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন।