হরতাল দিয়ে দণ্ড মওকুফ করা যাবে না :কামরুল

আপডেট : ১০ জুন ২০১৩, ২৩:০৯
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বিচার ব্যবস্থাকে প্রভাবিত করা নিয়ে জামায়াতের অভিযোগ প্রসঙ্গে বলেছেন, বিচারে হস্তক্ষেপ করা হয়নি। এ সরকারের আমলে আদালত স্বাধীনভাবে কাজ করছে। তিনি বলেন, হরতাল দিয়ে দণ্ড মওকুফ করা যাবে না। রায়ে সংক্ষুব্ধ হলে এর বিরুদ্ধে আপিল করতে পারেন। গতকাল বুধবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ ীয় কার্যালয়ে হরতালবিরোধী অবস্থান কর্মসূচি পালনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আদালত ও বিচার ব্যবস্থার বিরুদ্ধে নতুন সংস্কৃতি চালু হচ্ছে। এ সংস্কৃতি চালু হলে, যারা আগামীতে ক্ষমতায় আসবেন তারা কি করবেন? দেশে কি আইন-আদালত থাকবে না? পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী কয়েকদিনের মধ্যে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে আরো কিছু রায় আসবে। হরতাল দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে অপরাধের জন্য প্রাপ্ত দণ্ড থেকে কেউই রেহাই পাবে না। তিনি বলেন, আদালতের বিরুদ্ধে হরতাল দিয়েছে জামায়াত। এটা আইনের শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তরায়। ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বলেন, বিএনপি-জামায়াত রাজনৈতিকভাবে এতটাই দুর্বল হয়ে গেছে যে, সামনে তাদের অবস্থা মুসলিম লীগের মত হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা একেএম এনামুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দপ্তর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ। জামায়াতের গতকালের হরতালে দু-একটি বিচ্ছিন্ন মিছিল ছাড়া বঙ্গবন্ধু এভিনিউ এলাকায় হরতালবিরোধী কোন মিছিল হয়নি। তবে দলীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। দলীয় কার্যালয়ে ঢাকা বিভাগীয় শ্রমিক লীগ হরতালবিরোধী প্রতিবাদ সমাবেশ করে। ওলামা লীগও তাদের কার্যালয়ে সমাবেশ করেছে।