ইউপি চেয়ারম্যানের উপর হামলার প্রতিবাদে আজ গোয়ালন্দে হরতাল

আপডেট : ১০ জুন ২০১৩, ২৩:১০
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম মন্ডলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল সোমবার বিকালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে। আজ মঙ্গলবার উপজেলায় সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ঘোষণা করা হয়েছে। সোমবার দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে সহস্রাধিক মানুষের বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়ক, টার্মিনাল হয়ে লঞ্চ ও ফেরিঘাট সড়ক প্রদক্ষিণ করে। পরে পথসভায় আওয়ামী লীগ নেতা জব্বার মোল্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য কাজী কেরামত আলী, উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা যুবলীগ সভাপতি ইউনুছ মোল্যা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রলীগ সভাপতি এবিএম বাতেন প্রমুখ। ওসি আবুল বাসার জানান, থানায় এখনো মামলা দায়ের না হলেও ঘটনার ব্যাপারে অনেক অগ্রগতি হয়েছে। তদন্তের স্বার্থে কিছু বলা সম্ভব হচ্ছে না। নিষিদ্ধ সর্বহারা দলের লোকজন এর সাথে জড়িত রয়েছে এবং ঘটনার দিন সন্ত্রাসীরা একাধিক অস্ত্র ব্যবহার করে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডলকে শনিবার গভীররাতে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে জখম করেছে। লোকজন উদ্ধার করে প্রথমে ফরিদপুর পরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন তিন যুবককে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে।