মোদি ঘৃণা করলেও আমি ভালোবাসা দেব :রাহুল

আপডেট : ১০ মে ২০১৯, ২২:৩৯

ভারতের লোকসভা নির্বাচনের শেষদিকে রাজনৈতিক দলগুলোর মধ্যে কাঁদা ছোড়াছুড়ি চরমে উঠেছে। কংগ্রেসের সমালোচনা করতে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে দুর্নীতিবাজ বলেছেন প্রধানমন্ত্রী মোদি। এছাড়া যুদ্ধজাহাজ নিয়ে প্রমোদভ্রমণে যাওয়ারও অভিযোগ তুলেছেন তিনি। প্রধানমন্ত্রীর এসব বক্তব্যের জবাব দিতে গিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী মোদি আমাকে ও আমার পরিবারকে ঘৃণা করেন। কিন্তু এর বদলে আমি তাকে ভালোবাসা দেব। হিমাচলের উনায় এক সমাবেশে তিনি আরো বলেন, মোদির নোট বাতিলে মানুষের জীবন-জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে। জিএসটি ট্যাক্সে ধনীরা উপকৃত হয়েছে। এই চৌকিদার বড়লোকের। এই চৌকিদার চোর বলে স্লোগান দেন তিনি।

এদিকে কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী মোদির সমালোচনা করে বলেছেন, প্রধানমন্ত্রী পাকিস্তান নিয়ে কথা বলেন, অপ্রাসঙ্গিক ইস্যুতে কথা বলেন কিন্তু দেশের মানুষের সমস্যা নিয়ে কথা বলেন না। উত্তর প্রদেশের সিদ্ধার্থ নগরে এক সমাবেশে তিনি বলেন, দেশের কৃষকরা যখন ধুঁকছে তখন বড় শিল্পপতিদের জন্য সাড়ে পাঁচ লাখ কোটি রুপির বরাদ্দ দেওয়া হচ্ছে।

মোদিকে ‘বিভাজক গুরু’ আখ্যা

দিয়েছে টাইম ম্যাগাজিন

প্রধানমন্ত্রী মোদিকে ‘বিভাজক গুরু’ আখ্যা দিয়েছে টাইম ম্যাগাজিন। আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, গত পাঁচ বছরে ভারতে বেড়ে চলা অসহিষ্ণুতা নিয়ে সমালোচনা করতে গিয়ে মোদিকে সরাসরি ‘বিভাজক গুরু’ (ডিভাইডার ইন চিফ) বলে উল্লেখ করেছে টাইম ম্যাগাজিন। ভারতের লোকসভা নির্বাচন নিয়ে আগামী ২০ মে’র সংখ্যায় বিশেষ প্রতিবেদন ছেপেছে টাইম।

বিজেপি মোদি-শাহের

দল নয়:নিতীন গড়করি

বিজেপি মোদি-শাহের দল হয়ে উঠেছে এমন বক্তব্য নাকচ করে বিজেপির সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়করি বলেছেন, একটি মতাদর্শের ভিত্তিতে বিজেপি গঠিত। এটি কখনো ব্যক্তিকেন্দ্রিক দল হতে পারে না। পিটিআইকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, বিজেপি অতীতে অটল বা আদভানির দল ছিল না। আর এখন মোদি বা শাহেরও দল নয়। তিনি দাবি করেন ২০১৪ সালের চেয়ে এবার বেশি আসনে জয়ী হবে বিজেপি।

মমতা-চন্দ্রবাবুর বৈঠক

ভোট শেষ হওয়ার আগেই নতুন সরকার গঠন নিয়ে হিসেব কষতে শুরু করেছে বিরোধীরা। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু। তারা মহাজোটের ভবিষ্যত্ নিয়ে আলোচনা করেছেন বলে সূত্রের বরাত দিয়ে এনডিটিভির খবরে বলা হয়েছে। আগামী ২১ মে জোট সরকার গড়ার ব্যাপারে দিল্লিতে বৈঠকে বসতে পারে বিরোধী দলগুলো।