চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম বলেছেন, পর্যাপ্ত গুদামের অভাব ও মহাসড়কের দুরবস্থার কারণে চট্টগ্রাম থেকে সারা দেশে পণ্য পরিবহন ব্যয় অত্যধিক বেড়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্সের (এবিবি) চেয়ারম্যান নুরুল আমিনের সঙ্গে মতবিনিময়কালে তিনি একথা বলেন। নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, ব্যাংক ঋণের চড়া সুদের কারণে চট্টগ্রাম অঞ্চলে ব্যবসা-বাণিজ্যও হ্রাস পাচ্ছে। সংকটাপন্ন ব্যবসা প্রতিষ্ঠানসমূহে অর্থায়নের মাধ্যমে এই সংকট নিরসনে তিনি এবিবি চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। সভায় চেম্বার সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ, এনসিসি ব্যাংক কর্মকর্তা আখতার হামিদ খান, স্বপন কুমার দাশসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
