রাঙ্গামাটি ও বান্দরবানে টানা ৭২ ঘন্টা হরতালের শেষ দিনেও পরিস্থিতি ছিল শান্তিপূর্ণ। মন্ত্রী সভায় নীতিগত অনুমোদন পাওয়া প্রস্তাবিত পার্বত্য ভূমি কমিশন সংশোধন আইন বাতিলের দাবিতে এই হরতাল ডাকা হয়।
আমাদের রাঙ্গামাটি প্রতিনিধি জানিয়েছেন, সকাল থেকে শহরের বিভিন্ন পয়েন্টে বিপুল সংখ্যক পিকেটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। রাস্তায় রাস্তায় জ্বালানো হয় টায়ার। মাঝে মধ্যেই খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের হয়। সবধরনের যানবাহন চলাচল বন্ধ ছিল। দোকানপাট খোলেনি। জেলার ছয়টি উপজেলার নৌপথে কোন লঞ্চ চলাচল করেনি।
উল্লেখ্য, ৭২ ঘন্টার হরতালের দ্বিতীয় দিনে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় পার্বত্য সম অধিকার আন্দোলন। কিন্তু হরতাল প্রত্যাহারের এ ঘোষণা প্রত্যাখ্যান করে অপর চারটি বাঙালি সংগঠন। ফলে রাঙ্গামাটিতে টানা ৭২ ঘন্টা হরতাল কর্মসূচি পালিত হয়েছে।
আমাদের বান্দরবান প্রতিনিধি জানান, সেখানেও টানা ৭২ ঘন্টা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম মঙ্গলবার বান্দরবান সফরে আসার কারণে প্রশাসনের অনুরোধে দুপুরের পর বান্দরবানে হরতাল কর্মসূচি শিথিল করা হয়। ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের সংশোধনী প্রস্তাব বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টাকে স্মারকলিপি দেয় পার্বত্য বাঙালি ছাত্র পরিষদসহ বাঙালি সংগঠনগুলোর নেতৃবৃন্দরা। দুপুরে বান্দরবান সার্কিট হাউজে বাঙালি নেতৃবৃন্দরা এই স্মারকলিপি দেন।
