বেকার যুবকদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গাজীপুরে লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান চালু করে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ২০ প্রতারককে আটক করেছে র্যাব। এ সময় প্রতারণার শিকার ১৩ জনকে উদ্ধার করা হয়। শুক্রবার সকালে র্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্প এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
আটকরা হলো- কিশোরগঞ্জ সদরের ঘাগলাইল এলাকার মিজানুর রহমান, রাজশাহীর বাঘা থানার মীরগঞ্জ এলাকার মামুনুর রশিদ, চুয়াডাঙ্গা সদরের ধুতুরহাট এলাকার জাহাঙ্গীর আলম, জামালপুর সদরের কোটামনি এলাকার হুমায়ুন কবির, কুষ্টিয়ার কন্দরপ্রদীয়া এলাকার আশরাফুল আলম, চট্টগ্রামের সাতকানিয়া থানার সোনাকানিয়া এলাকার তৈয়াবুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ সদরের বালুবাগান এলাকার মাসদিদ, একই থানার মহনপুর গোরস্থানপাড়া এলাকার সোহেল রানা, একই জেলার দেবীনগর থানার কলিকাতা এলাকার আতাউর রহমান, গমুস্তাপুর থানার বিবিসন এলাকার মেসবাউল হক, একই জেলা সদরের বাগানপাড়া এলাকার মোস্তাকিম, একই থানার নতুনহাট এলাকার রজব আলী, চড়াগ্রাম বিন্দুপাড়া এলাকার কাউসার আলী, চাঁপাইনবাবগঞ্জ এলাকার সাজিদুল ইসলাম, ভোলাহাট থানার হাসপুকুর এলাকার আরিফ হোসেন, কুমিল্লার মুরাদনগর থানার নবীয়াবাদ এলাকার আব্দুল্লাহ আল সুমন, চাঁদপুর সদরের আমানুল্লাহপুর এলাকার শাহাদত হোসেন, একই থানার বিধিপুর এলাকার পিয়ারুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার আনন্দগ্রাম এলাকার কাউসার আলম এবং জয়পুরহাট সদরের হাতিল গাড়িয়াকান্ত এলাকার কাউসার রহমান।
র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিমিটেড নামের ওই প্রতারকচক্রের তত্পরতা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। প্রতারক দলের সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের চাকরি দেওয়ার নামে তাদের বন্দী করে অভিনব কায়দায় তাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা জানতে পারে গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় লাইফওয়ের সদস্যরা অবস্থান করছে। পরে চান্দনা চৌরাস্তার মো. হাফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে ওই ২০ প্রতারককে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যমতে ওই বাড়ির দুটি কক্ষ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়।
