গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ১২ জুন ২০১৩, ২০:১১
গল্ফ বা ফর্মুলা ওয়ান রেসিংয়ের মতো খেলা হয়তো আমাদের দেশে সে অর্থে জনপ্রিয় নয়। তবে টিভিতে এই খেলাগুলো দেখার অভিজ্ঞতা হয়তো অনেকেরই আছে। মজার বিষয় হলো, এই দুটি খেলার সংমিশ্রণেই ব্যতিক্রমী একটি রেকর্ড রয়েছে গিনেজের পাতায়। আর এই রেকর্ডটি হলো গাড়ি চালিয়ে গল্ফ বল ধরার একটি রেকর্ড। এই রেকর্ডের অংশ হিসেবে ব্রিটেনের পেশাদার গল্ফার জ্যাক শেফার্ড ১৭৮ মাইল প্রতি ঘন্টা বেগে একটি গল্ফ বলে হিট করেন। আর তার এই হিটের সঙ্গে সঙ্গেই ব্রিটেনের জনপ্রিয় ফর্মুলা ওয়ান ড্রাইভার ডেভিড কোল্টহার্ড বলটি ধরার জন্য তার মার্সিডিজ বেঞ্চ এসএলএস এএমজি রোডস্টার গাড়িটি নিয়ে যাত্রা শুরু করেন। মুহূর্তের মধ্যে সর্বোচ্চ ১৯০ মাইল প্রতি ঘণ্টা বেগে গাড়ি চালিয়ে ডেভিড গল্ফ বলটির নিকটতম স্থানে পৌঁছাতে সক্ষম হন এবং বলটি তার গাড়ির সামনের অংশে আঘাত হানে। আর ব্রিটেনের সারেতে অবস্থিত ডান্সফোল্ড অ্যারোড্রোমে জ্যাক ও ডেভিডের এই কীর্তিই এ ধরনের সেরা কীর্তি হিসেবে ঠাঁই করে নিয়েছে গিনেজের পাতাতে।