শ্রীপুর পৌরশহরের বাজারে প্রকাশ্যে শ্রীপুর থানার এসআই আহসানুজ্জামানকে পিটিয়েছেন পৌর আওয়ামী লীগ নেতা ও তার দুই ছেলে। এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ অভিযুক্ত আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন সরকার ও তার দুই ছেলে তুষার হোসেন সরকার ও শিশির হোসেন সরকারকে গ্রেফতার করেছে।
জানা যায়, পৌর শহরের মধ্যবাজারে ইকবাল হোসেনের একটি পিক-আপ বেকায়দাভাবে দাঁড়িয়ে থাকায় সড়কে দীর্ঘ জানজটের সৃষ্টি হয়। এতে বাজারে ইফতার নিতে আসা লোকজন ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। এসআই আহসানুজ্জামান পিক-আপটি সরিয়ে নিতে বললে আওয়ামী লীগ নেতা ইকবালের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইকবাল ও তার দুই ছেলে ক্ষিপ্ত হয়ে ওই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। তবে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা চলে যান। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাবেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে এবং এ ঘটনায় মামলা হয়েছে।
