লন্ডনে জি-৮ বিরোধীদের সাথে পুলিশের সংঘর্ষ

আপডেট : ১২ জুন ২০১৩, ২০:৪৪
ব্রিটেনে আগামী সপ্তাহে অনুষ্ঠেয় বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর শীর্ষ সম্মেলনকে সামনে রেখে জি-৮ বিরোধী বিক্ষোভকারীরা মধ্য লন্ডনের একটি ভবন দখল করে নিয়েছে। এ ঘটনায় শত শত দাঙ্গা পুলিশ ভবনটি ঘিরে রেখেছে। এছাড়া পুলিশ ও বিক্ষোভকারীদের মাঝে বেশকিছু সংঘর্ষের খবর পাওয়া গেছে। মানবাধিকারকর্মীরা বেক স্ট্রিটে অবস্থিত অব্যবহূত ঐ অফিসটি তাদের অস্থায়ী ঘাঁটি হিসাবে হস্তগত করেছেন। এদিকে লন্ডন মেট্রোপলিটান পুলিশ জানায়, এসব বিক্ষোভকারীদের বিরুদ্ধে তল্লাশি পরোয়ানা রয়েছে। ‘‘লোকজন ভবনটির ভেতরে প্রবেশ করতে পারবেন, বের হতেও কোন নিষেধাজ্ঞা নেই তবে তাদেরকে তল্লাশি করা হবে। ” গত মঙ্গলবার টুইটার বার্তায় এক পুলিশ সদস্য একথা জানায়। ‘স্টপ জি-৮’ নামে একটি দল ‘পুঁজিবাদের বিরুদ্ধে কার্নিভাল ’(ক্যাথলিকদের সবচেয়ে বড় আনন্দোত্সব) এর আয়োজন করে। প্রায় ১৫০ জন প্রতিবাদকারী সারা মধ্য লন্ডন জুড়ে ড্রাম বাজিয়ে এ উত্সব প্রদর্শন করে। এসময় প্রায় ৭০ জন পুলিশ তাদের ওপর হামলা চালালে দুইপক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি ও সংঘর্ষের ঘটনা ঘটে। সম্মেলনে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভ্লাদিমির পুতিনসহ বিশ্বের বড় বড় ধনী দেশগুলোর নেতাদের আগামী ১৭-১৮ জুন উত্তর আয়ারল্যান্ডের লাফ এরনি গলফ রিসোর্টে মিলিত হবার কথা রয়েছে। সম্মেলনকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ব্রিটেনের মূল ভূখণ্ড থেকে সাড়ে তিন হাজারের বেশি পুলিশ কর্মকর্তাকে আনা হবে। সম্মেলন চলাকালীন ঐ স্থানে নো ফাই জোন ঘোষণা করা হবে এবং চালকবিহীন বিমান ড্রোনের মাধ্যমে নজরদারি রাখা হবে।