যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে উবার

আপডেট : ১১ মে ২০১৯, ০০:২৬

যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। কোম্পানিটির প্রতি শেয়ারের মূল্য রাখা হয়েছে ৪৫ মার্কিন ডলার। এর মাধ্যমে শেয়ার বাজার থেকে তারা ৮২ বিলিয়ন মার্কিন ডলার মূলধন সংগ্রহ করবে। গতকাল শেয়ার বাজারে অন্তর্ভুক্তির মাধ্যমে প্রাইভেট কোম্পানি থেকে পাবলিক কোম্পানিতে রূপ নিল প্রতিষ্ঠানটি। প্রথম দিনেই ৮ দশমিক ১ বিলিয়ন ডলার তুলেছে কোম্পানিটি।

বিবিসির খবরে বলা হয়েছে, এখনো মুনাফা করতে পারেনি উবার এবং সতর্ক করা হয়েছে যে, স্বল্প মেয়াদে প্রতিষ্ঠানটি মুনাফা নাও করতে পারে। ২০০৯ সালে প্রতিষ্ঠার পর থেকে কোম্পানিটি ৯ বিলিয়ন ডলার লোকসান দিয়েছে। উবারের প্রধান নির্বাহী দারা খোসরোশাহী দাবি করেছেন, ভবিষ্যতে উবার শুরু ‘রাইড-হেইলিং’ কোম্পানি থাকবে না বরং লজিস্টিকস এবং যাতায়াত সেবায় একটি বিস্তৃত প্রযুক্তিগত প্লাটফর্ম হবে। তবে ডাটা ফার্ম স্যাগেওয়ার্কসের প্রতিষ্ঠাতা ব্রায়ান হ্যামিলটনের মতে, উবারের লোকসানের বিষয়টি বাদ দেওয়া যায় না। উবার এমন সময়ে শেয়ার বাজারে যুক্ত হয়েছে যখন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে উবারের গাড়ি চালকরা কম টাকা দেওয়া ও কাজের পরিবেশ নিয়ে অভিযোগ তুলে বিক্ষোভ করছে। ইউনিয়নগুলো উবারের কমিশন রেট কমিয়ে গড় ভাড়ার হার বাড়ানো ও ভালো কাজের নিরাপত্তার দাবি জানিয়েছে।