বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বিকৃত করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় তোপের মুখে পড়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দ্বিতীয় বর্ষের ছাত্র ফাহিম হোসেন। তিনি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৪৭তম ব্যাচের ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র। এ ঘটনার প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার এ ঘটনায় আশুলিয়া থানায় অভিযোগ করেছেন বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী।
এ বিষয়ে অভিযুক্ত ফাহিম হাসান বলেন, ‘বুঝতে পারিনি এই বিষয়টা নিয়ে এত কিছু হবে। আমি আসলে আমার কাজের জন্য দুঃখ প্রকাশ করছি। এছাড়া আমার আর কিছু বলার নেই।’ আশুলিয়া থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক কামরুল হাসান বলেন, ‘এখনো কোনো মামলা হয়নি। তবে অভিযোগপত্র আমার হাতে আছে। ’
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘যারা বঙ্গবন্ধুকে নিয়ে অথবা তার বক্তব্য নিয়ে বাজে মন্তব্য করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি হতে পারে না। আমরা তার আজীবন বহিষ্কারের জন্য প্রশাসনের কাছে দাবি জানাবো।’
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, ‘লিখিতভাবে এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি।’
