বিএনপিকে ভাঙতে অপপ্রচার চালানো হচ্ছে :ফখরুল

আপডেট : ১১ মে ২০১৯, ০০:২৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, বিএনপিকে ভাঙার জন্য নানা প্রকার অপপ্রচার চালানো হচ্ছে। আপনারা কোনো ভুয়া খবরে গুজবে কান দেবেন না। বিএনপি তারেক রহমানের নির্দেশে ঐক্যবদ্ধ আছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশ থেকে আমাদের পরিচালনা করছেন। তিনি আমাদের যেই নির্দেশনা দিবেন আমরা সেই নির্দেশনায় ঐক্যবদ্ধ থাকবো।

গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেন্টারের পরিচালক বাবুল তালুকদারেরর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স প্রমুখ।

ফখরুল বলেন, খালেদা জিয়া জেল থেকে ছাড়া পেলে যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হবে, তাতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ভেসে যাবে।

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামী রাজনৈতিক জীবন তুলে ধরে মির্জা ফখরুল বলেন, এশিয়া মহাদেশে খালেদা জিয়ার মতো ত্যাগী নেত্রী খুঁজে পাওয়া যাবে না।