জুনাইদ বাবুনগরীকে ক্লিনিকে দেখতে গেলেন আল্লামা শফী

আপডেট : ১২ জুন ২০১৩, ২২:৫৫
হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীকে দেখতে গতকাল বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের বেসরকারি ক্লিনিক সিএসসিআরে যান হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী। গত ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচির এক মাসেরও বেশি সময় পর হেফাজতে ইসলামের দুই শীর্ষ নেতার এটিই ছিল প্রথম সাক্ষাত্। এসময় সেখানে এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়। দুই নেতা পরস্পরকে জড়িয়ে ধরে কুশল বিনিময় করেন। প্রায় আধা ঘন্টা অবস্থান শেষে আল্লামা শফী আবার হাটহাজারী মাদরাসায় নিজ কর্মস্থলে ফেরত যান। আল্লামা শফীর সঙ্গে মাওলানা আনাস মাদানী, মাওলানা শফিউল আলম, মাওলানা আশরাফ আলী নিজামীসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন। জানা গেছে, ক্লিনিকে অবস্থানকালে আল্লামা শফী অসুস্থ সহকর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। উভয় নেতার মধ্যে আলাপচারিতার এক পর্যায়ে আল্লামা শফীর হাত ধরে কান্নায় ভেঙে পড়েন জুনাইদ বাবুনগরী। কান্নাজড়িত কণ্ঠে তিনি হেফাজতের আমীরসহ সংগঠনের সকল নেতাকর্মী ও তৌহিদী জনতার কাছে দোয়া কামনা করেন। এসময় আল্লামা শফী বলেন, ৫ মে ঢাকা ঘেরাও কর্মসূচির পর হেফাজতে ইসলাম অস্তিত্বহীন হয়ে পড়েছে বলে একটি মহল প্রচারণা চালাচ্ছে। তাদের এ প্রচারণা ভিত্তিহীন। তিনি বলেন, যতদিন পর্যন্ত পৃথিবীতে একজন মুসলিম বেঁচে থাকবেন, ততদিন পর্যন্ত হেফাজতে ইসলামও ঈমান আকীদা রক্ষার জন্য জেহাদ অব্যাহত রাখবে। এসময় আল্লামা শফী জুনাইদ বাবুনগরীর সুস্থতা ও দ্রুত আরোগ্য কামনা করে মুনাজাত পরিচালনা করেন।