রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ব্যাপক লোডশেডিং হচ্ছে। গতকাল বুধবার এই লোডশেডিং-এর পরিমাণ ছিল বেশি। দিনে-রাতে পাঁচ-ছয়বার করে বিদ্যুত্ চলে যাচ্ছে। পুরো জুন মাসটাই রাজধানীর বিভিন্ন স্থানে এ ধরনের লোডশেডিং হবে। গ্রিড ট্রান্সফরমার ও ক্যাবল বিকল হওয়ায় এই সমস্যা দেখা দিয়েছে। মেরামত কাজ চলছে। চলতি মাসের শেষের দিকে এ কাজ সম্পন্ন হতে পারে। ধানমন্ডি গ্রিডে ১৩২/৩৩ কেভি গ্রিড ট্রান্সফরমার রয়েছে তিনটি। এর মধ্যে একটি বিকল থাকায় ধানমন্ডি, সেগুনবাগিচা, কাওরানবাজার, সিদ্ধেশ্বরী, বেইলী রোড, কাকরাইল এবং এর আশপাশের এলাকায় লোড ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুত্ বিতরণ করা হচ্ছে। এ এলাকাগুলোতে স্বাভাবিকের চেয়ে লোডশেডিং বেড়েছে।
এছাড়া সাতমসজিদ ৩৩/১১ উপকেন্দ্রের দুইটি উেসর (আন্ডার গ্রাউন্ড ক্যাবল) মধ্যে একটির শ্যামলী রিং রোড অংশে বারবার ত্রুটি দেখা দেয়ায় বারবারই এর মেরামতের প্রয়োজন হচ্ছে। মেরামত কাজ চলার সময় মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, শেখেরটেক, জিগাতলা, রায়েরবাজার, মধুবাগ, ধানমন্ডি এলাকায় স্বাভাবিকের চেয়ে লোডশেডিং বাড়বে। এ সমস্যা সমাধানে ক্যাবলটি প্রতিস্থাপনের কাজের প্রক্রিয়া শুরু হয়েছে বলে ডিপিডিসি কর্তৃপক্ষ জানিয়েছে। ক্যাবলটি প্রতিস্থাপনের কাজ এ মাসের মধ্যেই শেষ হতে পারে। গতকাল এক বিজ্ঞপ্তিতে ডিপিডিসি এই অনাকাঙ্ক্ষিত ও সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে সমস্যা সমাধানে গ্রাহকদের সহযোগিতা চেয়েছে তারা।
