তুরস্কের গেজি পার্কে বিপনীবিতান নির্মাণ নিয়ে গণভোটের সম্ভাবনা রয়েছে। দেশটির প্রধানমন্ত্রী রিসেপ তায়িপ এরদোগান মঙ্গলবার বলেছেন, গেজি পার্ক উন্নয়নের সিদ্ধান্তের বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদের প্রেক্ষিতে তিনি গণভোট আয়োজনের কথা বিবেচনা করছেন। এদিকে, তাকসিম স্কয়ার থেকে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়ার পর সংলাপের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল। গণভোট নিয়ে বুধবার ক্ষমতাসীন একে পার্টির ডেপুটি চেয়ারম্যান হুসেইন সিলিক জানান, ইস্তাম্বুলের গেজি পার্ক পুনঃনির্মাণ পরিকল্পনা বিষয়ে গণভোটের মাধ্যমে সবার মতামত নেয়া হবে। সার্বিক কল্যাণ ও শান্তির কথা ভেবেই তিনি বিক্ষোভকারীদের ঘরে ফিরে যেতে আহ্বান জানান। এছাড়া, তাকসিম স্কয়ার থেকে পুলিশ বিক্ষোভকারীদের হটিয়ে দেয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি। বিক্ষোভকারীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, জনগণকে ক্ষেপিয়ে তোলার চেষ্টা করলে বা সেখানে অবস্থান নিলে তাদেরকে পুলিশের মুখোমুখি হতে হবে। এদিকে, গণভোটের সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিক্ষোভকারীরা। কেউ কেউ ক্ষমতাসীন দলের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেও অনেকে এটিকে ষড়যন্ত্র হিসেবেও আখ্যায়িত করেছে। ইস্তাম্বুলের তাসকিম স্কয়ারের পাশের গেজি পার্ক ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের প্রতিবাদে দুই সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয়, যা পরে প্রধানমন্ত্রী রিসেপ তিইয়েপ এরদোগান বিরোধী বিক্ষোভে রুপ নেয়। মঙ্গলবার রাত থেকে পুলিশের অভিযানের মুখে তাকসিম স্কয়ার ছাড়তে বাধ্য হয় বিক্ষোভকারীরা। এর পরই বুধবার বিক্ষোভকারীদের কয়েকজন নেতার সঙ্গে সংলাপের প্রস্তাব দেন প্রেসিডেন্ট গুল।
বিক্ষোভের শুরু থেকেই প্রধানমন্ত্রী এরদোয়ান বিক্ষোভকারীদের প্রতি কঠোরভাষী হলেও প্রেসিডেন্ট আব্দুল্লাহ গুল ছিলেন বেশ নমনীয়। বুধবার তিনি বলেন, সমালোচনাকারীদের সঙ্গে আলোচনা করা সরকারেরই দায়িত্ব। তবে বিক্ষোভকারীদের সমন্বয়কারী সংগঠন তাকসিম সলিডারিটি দাবি করছে যারা গুল বা এরদোগানের সঙ্গে সাক্ষাত্ করতে যাচ্ছে তারা বিক্ষোভকারীদের প্রতিনিধি নয়। এটি লোক দেখানো বৈঠকের চেয়ে খুব বেশি কিছু হবে না।
