ইসরাইল গত পাঁচ বছর ধরে পাকিস্তান ও আরো চারটি আরব দেশে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানি করে আসছে বলে যুক্তরাজ্য সরকারের এক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম। বুধবার ইসরায়েলের হারেতেজ সংবাদপত্রে প্রকাশিত ওই প্রতিবেদনের সূত্রে এ খবর জানিয়েছে পাকিস্তানের ডন অনলাইন। — খবর বিডি নিউজ টোয়েন্টি ফোর ডটকমের।
সংবাদটির বিষয়ে ইসরাইল একদম নিশ্চুপ, অস্বীকারও করছে না, নিশ্চিতও করছে না। প্রতিবেদনে প্রকাশিত ইসরাইলি অস্ত্র আমদানী করা চারটি আরব দেশ হলো: মিসর, আলজেরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও মরক্বো। ভারত ইসরাইল থেকে অস্ত্র ও অন্যান্য নিরাপত্তা সরঞ্জাম আমদানী করছে বলে এতদিন জানা ছিল। এবার প্রতিবেশী পাকিস্তানও সেই মিছিলে যোগ দিয়েছে বলে খবর প্রকাশ হল।
তবে প্রতিবেদনটিকে ‘সত্যের ওপর প্রতিষ্ঠিত নয়’ ও ‘বিভ্রান্তিকর’ বলে অস্বীকার করেছেন পাকিস্তান আন্ত-বাহিনী গণসংযোগ পরিদপ্তরের (আইএস) নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র, জানিয়েছে ডন। যুক্তরাজ্যের বিজনেস, ইনোভেশন এন্ড স্কিল ডিপার্টমেন্ট প্রতিবেদনটি প্রকাশ করে। এই প্রতিবেদন ধরেই সংবাদ প্রকাশ করে হারেতেজ।
প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান গত পাঁচ বছরে ইসরাইল থেকে রাডার সিস্টেম, ইলেক্ট্রনিক যুদ্ধ সরঞ্জাম, হেড-আপ ককপিট ডিসপ্লে (এইচইউডি), যুদ্ধবিমানের স্পেয়ার পার্টস ও বিমানের ইঞ্জিন, অত্যাধুনিক লক্ষ্য নির্ধারণী সামরিক সরঞ্জাম, এয়ারক্রাফট ট্রেনিং সরঞ্জাম ও সামরিক ইলেক্ট্রনিক সিস্টেম। পাকিস্তানের মতো ইসরাইলও যুক্তরাষ্ট্রে তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে, তাই বিমানের স্পেয়ার পার্টসও একই হয়।
