মেক্সিকোতে ১১ নারীকে হত্যার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। মেক্সিকোর সীমান্ত শহর চিউদাদ জুয়ারেজের একটি উপত্যকায় গতবছরের শুরুর দিকে ১১ নারীর কঙ্কাল পাওয়ার পর ঐ ১২ জনকে অভিযুক্ত করা হয়। অভিযুক্তদের মধ্যে মাদক ব্যবসায়ী, দালাল এবং কয়েকজন ব্যবসায়ী রয়েছে। চিহুয়াহুয়ার উত্তরাঞ্চলের এক কর্মকর্তা মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ঐ চক্রটি দীর্ঘদিন ধরে বিভিন্ন কৌশলে নারীদেরকে পতিতাবৃত্তি এবং মাদক ব্যবসায় বাধ্য করাতো। নানা অপরাধমূলক কাজ করানোর পর প্রয়োজন শেষ হয়ে গেলে তাদেরকে হত্যা করতো। মানব পাচার এবং হত্যার অভিযোগে ১০ জন পুরুষ এবং ২ জন নারীকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে ৬ জন আগে থেকেই অন্য মামলায় কারাগারে বন্দি রয়েছে এবং বাকি ৬ জনকে আটক করা হয়েছে। ঐ চক্র নানা কৌশলে তাদেরকে সংগ্রহ করতো। কখনো মডেলিংয়ের প্রলোভন দেখিয়ে, কখনো চাকরির আশ্বাস দিয়ে কিংবা কখনো তাদের অপহরণ করে এনে তাদেরকে জোর করে এসব কাজে বাধ্য করা হতো। তাদের এ কাজ করার জন্য বিভিন্ন মডেলিং এজেন্সি, কারখানার সাথে যোগসাজশ থাকতো। এসব প্রতিষ্ঠানের কতিপয় দালালের মাধ্যমে তাদের পছন্দসই মেয়ের তথ্য জোগাড় করা হতো। পরে প্রলোভন দেখিয়ে তাদের দলে নেয়ার প্রস্তাব দেয়া হতো।
