নাঙ্গলকোটে ৫টি বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:৩৪
নাঙ্গলকোটের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ৫টি প্রাথমিক বিদ্যালয় ভবন পরিত্যক্ত ঘোষণা করা রয়েছে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো হচ্ছে- মাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতল ভবন, বাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভোলাকোট রেজি. প্রাথমিক বিদ্যালয়, বানাবাড়িয়া রেজি. প্রাথমিক বিদ্যালয় ও নাওগোদা রেজি. প্রাথমিক বিদ্যালয় ভবন। মাহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদানের জন্য একটি ভবন থাকলেও অন্য ৪টি প্রতিষ্ঠানের কোন ভবন নেই। ফলে বিদ্যালয়গুলোতে ভবন সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে খোলা আকাশের নিচে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে। বৃষ্টি হলে বিদ্যালয় কর্তৃপক্ষকে বাজাতে হয় ছুটির ঘন্টা। এতে শিক্ষার্থীদের লেখাপড়ার চরম ব্যাঘাত হচ্ছে। নাওগোদা রেজি. প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে দেখা যায়, ভবন সংকটের কারণে শিক্ষকরা খোলা আকাশের নিচে এবং ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস নেয়া হচ্ছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আক্তার জানান, গত ৩ বছর যাবত্ ঝুঁকিপূর্ণ ভবনে তাদেরকে ক্লাস করতে হচ্ছে। বর্তমানে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় বাধ্য হয়ে তারা ঝুঁকিপূর্ণ ভবন এবং খোলা আকাশের নিচে ক্লাস নিচ্ছেন। উপজেলা শিক্ষা অফিসার শাহ মো. ইকবাল মনসুর বলেন, উপজেলার পরিত্যক্ত ঘোষিত ৫টি প্রতিষ্ঠানের ভবন নির্মাণের জন্য উপজেলা শিক্ষা কমিটির মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে।