ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ১৬টি প্রাইমারি স্কুল ভবন ঝুকিপূর্ণ। এর মধ্যে শাহাবাড়িয়া, ছাইভাঙ্গা, ঠাকুর মালিথিয়া ও ভগবাননগর স্কুলের অবস্থা খুবই খারাপ। এ সব স্কুলের ছাত্রছাত্রীরা ভবন ছেড়ে খোলা আকাশের নিচে এবং গাছতলায় ক্লাশ করছে। কোন কোন অভিভাবক স্কুলে ছেলে মেয়ে পাঠাতে ভয় পান। এলজিইডি ১৯৯৩ থেকে ১৯৯৫ সালের দিকে এ সব স্কুল ভবনগুলো নির্মাণ করে।। নির্মাণ কাজে ফাঁকির কারনে ২০ বছর পার হতে না হতেই ভবনগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। আকাশে মেঘ জমলেই স্কুল ছুটি দিতে হচ্ছে। এতে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শাহবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নওয়াব আলী জানান, একশ’ বছর ব্যবহারের নিশ্চয়তাা ছিল। ভবনটি ২০ বছরেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ঠিকাদার প্রতিষ্ঠান এতই নিম্নমানের কাজ করে যে, কয়েক বছর পর থেকেই ছাদের পলেস্তরা খসে পড়তে থাকে। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়তে শুরু করে। এরপর মেঝেতে ফাটল দেখা যায়।
গাছ তলায় বসা অন্য ৩টি স্কুলেরও একই দশা। এখন পরিত্যক্ত ঘোষনা করতে হয়েছে। শিক্ষা কমিটির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দ্দার জানান, ঝুঁকিপূর্ণ স্কুল ভবনগুলো ভেঙ্গে নতুন ভাবে নির্মিত হবে। ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।
