কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া বাজার এলাকায় অবস্থিত কৃষি ব্যাংক দৌলতপুর শাখায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ব্যাংক ব্যবস্থাপককে পিটিয়ে আহত করেছে। ব্যাংক ব্যবস্থাপক দৌলতপুর হাসপাতালে চিকিত্সাধীন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে ব্যাংক ব্যবস্থাপক মামলা করেছেন।
দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাগুনিয়া শালিমপুর এলাকার ফজল সর্দারের ছেলে জাহাঙ্গীর ওরফে নেন্টু কৃষি ব্যাংক দৌলতপুর (তারাগুনিয়া) শাখার ব্যবস্থাপক আব্দুল আলীমের নিকট ভুয়া কাগজপত্র দেখিয়ে ৫/৬টি নামে ঋণ দেবার জন্য চাপ প্রয়োগ করেন। ব্যাংক ব্যবস্থাপক ভুয়া কাগজপত্র ও নাম ঠিকানায় ঋণ প্রদানে অস্বীকৃতি জানালে নেন্টু ও তার সহযোগীরা কাঠের গুঁড়ি দিয়ে ব্যবস্থাপক আব্দুল আলীমকে বেধড়ক পিটিয়ে ফেলে রেখে চলে যান। এসময় ব্যাংকের কর্মচারীরা তাকে উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে ভর্তি করে।
