ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকল থেকে পাচার হয়ে যাওয়া ৬০ লক্ষ টাকা মূল্যের ৪টি রোলার বিয়ারিং পাওয়া গেছে ঢাকার পোস্তগোলার একটি ভাঙ্গাড়ি কারখানায়।
জানা গেছে, মোবারকগঞ্জ চিনিকলের ভাঙ্গাড়ি লোহার যন্ত্রাংশ টেন্ডারের মাধ্যমে ক্রয় করেন কালীগঞ্জের কাব্য এন্টারপ্রাইজের মালিক রহমত মিয়া। তিনি গত ৮ জুন ২টি ট্রাকে ভাঙ্গাড়ি মালামাল বোঝাই করেন। এর মধ্যে মিলের এক শ্রেণীর কর্মকর্তার যোগসাজশে মিলহাউজের ব্যবহূত ৬০ লক্ষ টাকা মূল্যের ৪টি রোলার বিয়ারিং নিয়ে ঢাকার পোস্তগোলার ভাঙ্গাড়ি কারখানায় বিক্রি করেন। ৪টি রোলার বিয়ারিং না পাওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তোলপাড় শুরু হয়। মিলের বেশ কয়েকজন শ্রমিক-কর্মচারী অভিযোগ করেন, যখন ঠিকাদার মালামাল ট্রাকে লোড করছিল সে সময় মিলের ৫ সদস্যের কমিটি সেখানে উপস্থিত না থাকায় রোলার বিয়ারিং ঠিকাদার নিয়ে যায়। মিলের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন জানান, মিল থেকে ৪টি রোলার বিয়ারিং ভাঙ্গাড়ি লোহার সাথে ঠিকাদার নিয়ে চলে যায়। পরে আমরা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সহযোগিতায় ঢাকার পোস্তগোলার একটি ভাঙ্গাড়ি কারখানা থেকে উদ্ধার করেছি। তিনি আরো জানান, ঠিকাদার রোলারগুলো ভাঙ্গাড়ি মাল হিসেবে নিয়ে গিয়েছিল বলে স্বীকার করেছে।
