বুধবার রামগড় থানার পুলিশ ঢাকা থেকে খাগড়াছড়িগামী শান্তি পরিবহনের একটি নৈশ কোচ থেকে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে। কোচের চালক ও স্টাফরা রামগড়ে লাশসহ গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়। উদ্ধার হওয়া লাশটি ঐ কোচের হেলপার সাইফুল ইসলামের বলে পুলিশ জানিয়েছে। সে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন সংলগ্ন এলাকার বাসিন্দা মনু মিয়ার পুত্র। জানা যায়, মঙ্গলবার রাতে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা নৈশ কোচ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে রামগড়ে পৌঁছার পর গাড়ির চালক শাহাদাত্ হোসেন ও সুপারভাইজার নজরুল ইসলাম বাসটি খাগড়াছড়ি সড়কের পাশে থামিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ঐ গাড়িতে একজন যুবকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। সকালে পুলিশ এসে লাশ ও বাসটি থানায় নিয়ে যায়।
একটি সূত্র জানায়, হেলপার সাইফুল ইসলাম(৩০) ঢাকার কাঁচপুরে চলন্ত অবস্থায় গাড়ির ছাদে মালপত্র বাঁধার সময় হঠাত্ ছিটকে নিচে পড়ে যায়। কিছুদূর যাওয়ার পর বিষয়টি চালক আঁচ করতে পেরে পুনরায় গাড়িটি ঘুরিয়ে সড়কে পড়ে থাকা হতভাগ্য হেলপারের লাশ তুলে নিয়ে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হয়।
