শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি-কাম প্রহরী নিয়োগ প্রক্রিয়া অজ্ঞাত কারণে স্থগিত হয়ে পড়েছে। জুনের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা থাকলেও তা না হওয়ায় হতাশায় পড়েছেন চাকরি প্রার্থীরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রশাসন-২ অধিশাখার আদেশে দেশের প্রত্যেকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ‘দপ্তরী-কাম প্রহরী’ পদে লোক নিয়োগ দিবে সরকার। এই নিয়োগ প্রক্রিয়ার ধারাবাহিকতায় নালিতাবাড়ী উপজেলার মোট ৬২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম পর্যায়ে ২১টি বিদ্যালয়ে দপ্তরি-কাম প্রহরী নিয়োগের কাজ শুরু করা হয়। যথারীতি এ বছরের জানুয়ারি মাসে বিজ্ঞপ্তির মাধ্যমে দরখাস্তও আহবান করা হয়। ২১টি বিদ্যালয়ের ২১টি পদের বিপরীতে মাসিক ৭ হাজার টাকা বেতন, মোট ১৭১ জন প্রার্থী আবেদনপত্র জমা দেন। নিয়মানুযায়ী সংশ্লিষ্ট স্কুল ম্যানেজিং কমিটির সভাপতিকে সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব ও ওই ক্লাস্টারের সহকারী শিক্ষা কর্মকর্তাকে সদস্য করে মোট ৩ সদস্য বিশিষ্ট একটি নিয়োগ কমিটি গঠন করে এবং স্থানীয়ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে শুধুমাত্র মৌখিক পরীক্ষা নিয়ে নির্বাচিত প্রার্থীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়ার কথা রয়েছে। কিন্তু সংশ্লিষ্ট বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা না নিয়ে বিশৃঙ্খলা রোধ এবং সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের কথা বলে নিয়ম-নীতি না মেনে সব প্রার্থীর পরীক্ষা ১৪, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি উপজেলা বিআরডিবি হলরুমে নেয়া হয়। ২০ নম্বরের এ পরীক্ষায় প্রত্যেক পদের অনুকূলে প্যানেল করে ৩জন করে প্রার্থী রাখা হয়।
সূত্র জানায়, নিয়োগ প্রক্রিয়া নিয়ে অস্বচ্ছতার প্রশ্ন ওঠায় এবং দুইজন প্রার্থীর বিরুদ্ধে লিখিত অভিযোগ থাকায় উপর মহলের নির্দেশে এটি স্থগিত রাখা হয়েছে বলে জানান। এমতাবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইলটি বিধি মোতাবেক যাচাই-বাছাইয়ের জন্য প্রাথমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়ে ফাইলটি ফেরত পাঠান। এরপর থেকেই অনির্দিষ্টকালের জন্য ফাইলটি আটকা আছে। এতে করে চরম হতাশায় পড়েছেন চাকরি প্রার্থীরা।
