ফরিদপুরে আখ ক্ষেতে পঙ্গপালের আক্রমণ

আপডেট : ১৩ জুন ২০১৩, ২১:৩৯
ফরিদপুর চিনিকল এলাকার আখ ক্ষেতে হঠাত্ করে ফড়িং জাতীয় পঙ্গপালের আক্রমণে আখের ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। জানা গেছে, মিলগেট এলাকার ১২/খ ইউনিটে মেছড়দিয়া এলাকায় আখ চাষি নাসিরুজ্জামান লিটনের ৮০ শতক, মিতু মীরের ৫০ শতক, রাকিবুজ্জামানের ৫৬ শতক, কামরুজ্জামান ১ একর ২০ শতক, শামসুর রহমানের ৫০ শতক, শামীম মৃধা: ৫০ শতক এবং ১৫নং ইউনিটে আখ চাষি লাল মোহাম্মদের ৩০ শতক আখের জমিতে এমন লক্ষ লক্ষ পোকা আক্রমণ করে ব্যাপক ক্ষতি করেছে। সংশ্লিষ্ট ইউনিটের সিডিএ মনিরুজ্জামান ও শরিফুল ইসলাম জানান, গত ৮ জুন শনিবার আখের জমিতে এই পোকার আক্রমণ দেখা যায়। এ ঘটনায় ফরিদপুর চিনিকলের কৃষি বিভাগে তোলপাড় শুরু হয়েছে। চিনিকল ব্যবস্থাপনা পরিচালক কমল কান্তি সরকার ফড়িং জাতীয় পোকা দমনে প্রতি কেজি পোকা ধরে মিলে সরবরাহ করলে ২শ’ টাকা পুরস্কার ঘোষণা করেছেন।