বেপরোয়া গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ এবং চোরাগোপ্তা হামলার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রামগড়, মাটিরাঙ্গা ও মানিকছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। এসময় তিন উপজেলার বিভিন্ন পয়েন্টে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। মাটিরাঙ্গায় ১৪৪ ধারা জারি ও প্রতিপক্ষের সন্ত্রাসীদের গুলিতে দলীয় এক নেতা নিহত হওয়ায় ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরাম এই অবরোধ কর্মসূচির ডাক দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রামগড় জালিয়াপাড়া সড়কের ঢাকা কলোনি এলাকায় একদল সশস্ত্র যুবক রাস্তায় ব্যারিকেড দিয়ে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীরকে বহনকারী মোটরসাইকেল আটকে ভাংচুর করে। ভোর ৬টার দিকে একই সড়কের মাহবুবনগর এলাকায় একটি মিনি কাভার্ডভ্যানে ভাংচুরের পর অগ্নিসংযোগ করে পিকেটাররা। সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আলুটিলা রাস্তার পাশে কলা বোঝাই একটি বিকল ট্রাকে পেট্রোল ঢেলে আগুন দেয় গণতান্ত্রিক যুব ফোরামের ১০/১২জন সমর্থক। এসময় তারা ট্রাকের চালক শাহাজাহান ও হেলপারকে মারধর করে। অন্যদিকে মাটিরাঙ্গার বাইল্যাছড়িতে ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে ভাংচুর করে অবরোধকারীরা। এছাড়া খাগড়াছড়ি সড়কের সাপমারা এলাকায় রাস্তার পাশের বনের ভিতর অবস্থান নিয়ে পিকেটাররা ইটপাটকেল নিক্ষেপ ও চোরাগোপ্তা হামলা চালিয়ে আরও কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি ভাংচুর করা হয়। এদিকে মাটিরাঙ্গা উপজেলায় এখনো ১৪৪ ধারা বলবত আছে।
