আজ ১৪ জুন। ভয়াবহ মাগুরছড়ায় গ্যাসকূপ বিস্ফোরণের ১৬ বছর অতিবাহিত হলো। ১৯৯৭ সালের এই দিনে মাগুরছড়া গ্যাস ক্ষেত্রে ১নং অনুসন্ধান কূপ খননকালে হঠাত্ করে বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে যায় সর্বত্র। দীর্ঘ এক মাসেরও বেশি সময়ে ধরে জ্বলতে থাকা ভয়াবহ আগুনে গলে যায় রেলপথ, পুড়ে ছাই হয়ে যায় কোটি কোটি টাকার বনজ সম্পদ, চা বাগান। মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিদ্যুত্ লাইন, গ্যাস পাইপ লাইন, গ্যাসকূপ, গ্যাস রিজার্ভ, ভূগর্ভস্থ পানিসম্পদ ও সড়কপথ। হাজার হাজার বন্যপ্রাণি ও পাখি মারা গিয়ে স্তব্ধ হয়ে যায় লাউয়াছড়া জাতীয় উদ্যান। গ্যাসকূপটিতে অনুসন্ধানের কাজ করছিল মার্কিন বহুজাতিক কোম্পানি অক্সিডেন্টাল। পরবর্তিতে তদন্তে জানা যায়, দুর্ঘটনা এড়ানো ও খনন কাজ সহজ করার উদ্দেশ্যে কূপখননের সময় যে কেসিং বা প্রতিরক্ষা বহিরাবরণ তৈরি করা হয় তার নকশায় মারাত্মক ধরনের ত্রুটি থাকায় ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে। এতে মোট ক্ষতির পরিমাণ হিসাব করা হয় প্রায় ২৫ হাজার কোটি টাকা। এই দুঃসহ স্মৃতি মনে হলে আজও শিউরে উঠেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জবাসী।
মাগুরছড়া ব্লো-আউটের পর থেকেই ক্ষতিপূরণের দাবিতে দীর্ঘ সময় ধরে আন্দোলন করে আসছেন পরিবেশবাদিসহ স্থানীয় বিভিন্ন সংগঠন। কিন্তু ক্ষতিপূরণ এখনো মেলেনি। এবারও বিভিন্ন সংগঠন মানববন্ধন, আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালনের প্রস্তুতি নিয়েছে।
