জনগণকে এভাবে কতদিন দাবিয়ে রাখবেন

আপডেট : ১৩ জুন ২০১৩, ২২:৫৯
৫ মে ঢাকায় হেফাজতে ইসলামের সমাবেশে নিরীহ আলেম ও তৌহিদী জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ ও গণহত্যার ঘটনার এক মাস অতিবাহিত হলেও সরকার বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন না করায় ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী। তিনি কুরআন পোড়ানোর সাথে জড়িতদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাস পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। গতকাল বৃহস্পতিবার এক লিখিত বিবৃতিতে তিনি বলেন, সরকার যদি মনে করে হেফাজতে ইসলামকে দমন করে ফেলেছে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। আলেমরা ১৩ দফার জন্য রক্ত দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত হেফাজতের প্রতিবাদ কর্মসূচি চলবে। হেফাজতের ১৩ দফা দাবি জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থনেই পূরণ হবে। তিনি বলেন, ৫ মে মধ্যরাতে শহীদ হওয়া আলেম ওলামার প্রকৃত সংখ্যা নিয়ে বাংলাদেশসহ পুরো বিশ্বই আজ উদ্বিগ্ন। আল্লামা শফী বর্তমান সরকারকে উদ্দেশ্য করে বলেন, মুখে গণতন্ত্র, বাক-স্বাধীনতা ও নাগরিক অধিকারের কথা বলবেন, অথচ কাউকে কথা বলতে দিবেন না। এভাবে কতদিন জনগণকে দাবিয়ে রাখবেন? বিবৃতিতে আল্লামা আহমদ শফী আরো বলেন, বর্তমানে দেশের কওমি মাদ্রাসায় সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার পর সর্বস্তরের ওলামায়ে কেরামের মতামত নিয়ে ১৩ দফা আদায়ের লক্ষ্যে হেফাজতে ইসলামের পরবর্তী কর্মসূচি নির্ধারণ করা হবে। বিবৃতিতে তিনি আরও বলেন, সুস্থাবস্থায় আল্লামা বাবুনগরীকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে গুরুতর অসুস্থাবস্থায় হাসপাতালে ভর্তি করে পরে তাকে মুক্তি দেয়া হয়। এত বড় ঘটনার পর ওলামায়ে কেরাম ও হেফাজত কর্মীরা প্রতিশোধমূলক কোনরূপ ধ্বংসাত্মক কর্মকাণ্ডে না জড়িয়ে শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখে চরম ধৈর্য ধারণ করলেও এখনো তাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি।