প্রচারণার শেষ দিন

হিরন বললেন এটাই শেষ নির্বাচন সেনা মোতায়েন চাইলেন কামাল

আপডেট : ১৩ জুন ২০১৩, ২৩:০৪
প্রচারণার শেষ দিন আধুনিক নগরী গড়তে টেলিভিশনে ভোট চেয়েছেন মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন। অপরদিকে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব কামাল সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। মহাজোট সমর্থিত মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন এলাকার ভোটারদের কাছে গিয়ে কুশল বিনিময় করেছেন। শেষ প্রচারণার দিন তিনি গতকাল ভোটারদের উদ্দেশ্যে বলেছেন, আগামীতে বরিশালকে একটি আধুনিক নগরীতে রূপ দেয়ার লক্ষ্যে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটাই তার শেষ নির্বাচন বলে ভোটারদের জানান। তিনি বলেন, তার পরিকল্পনা অনুযায়ী আধুনিক নগরী গড়তে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে চান। দিনব্যাপী গণসংযোগকালে তার সাথে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোহাম্মাদ ইউনুস, সম্মিলিত নাগরিক কমিটির সদস্য সচিব মাহাবুব উদ্দিন আহম্মেদ বীর বিক্রম, অগ্রণী ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু ও জাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ মোহসিন। মেয়র প্রার্থী শওকত হোসেন হিরন গতকাল গণসংযোগ শেষে অশ্বিনী কুমার হলে সাংবাদিক সম্মেলন করেন। সেনাবাহিনী মোতায়েনের দাবি কামালের : নির্বাচনী প্রচারণার শেষ মুহূর্তে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতির আশংকা করে জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব কামাল সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন। তিনি গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, আমি আগেই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েনের জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছিলাম। কিন্তু নির্বাচন কমিশন আমার দাবি উপেক্ষা করায় এখন আমার নিজের ও কর্মীদের জীবন হুমকির মুখে পড়েছে। নির্বাচনী প্রচারণার শেষ দিনে গতকাল জাতীয়তাবাদী নাগরিক পরিষদের প্রার্থী আহসান হাবিব কামালের সমর্থনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, বেগম সেলিমা রহমান, আলতাফ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান সরোয়ার এমপি, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাবেক এমপি হাফিজ ইব্রাহিমসহ বিএনপি’র শীর্ষ নেতারা সদর রোডে আনারস প্রতীকের পক্ষে গণসংযোগ করেন।