সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ আবাসন

আপডেট : ১৪ জুন ২০১৩, ১৯:৩৭
যৌনকর্মীদের সুবিধাবঞ্চিত শিশুদের নিরাপদ আবাসন ‘শাপলা কুঁড়ি শিশু বিকাশ’ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। ফরিদপুর শহরতলির গেরদা ইউনিয়নের কাফুরা গ্রামে এই সেফ হোমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক মো. নুরুন নবী তালুকদার। এ্যাকশন এইড বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এই শিশু বিকাশ কেন্দ্রটি পরিচালনা করবে ফরিদপুরের বেসরকারি সংস্থা শাপলা মহিলা সংস্থা। সমপ্রতি ১শ’ শিশুর জন্য নবনির্মিত এই আবাসন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দাতা সংস্থা এ্যাকশন এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ্ কবির, ইউএন এইডস-এর কান্ট্রি কো-অর্ডিনেটর লিও কেনি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শম্পা রেজা, ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. কে এম কামরুজ্জামান সেলিম, শাপলা মহিলা সংস্থার নির্বাহী পরিচালক চঞ্চলা মন্ডল, শ্যামল প্রকাশ অধিকারী, রাসিনের আসমা আক্তার মুক্তা, এফডিএর আজাহারুল ইসলাম, একেকের আব্দুল জলিল, স্থানীয় যৌনকর্মীদের সংগঠন জয়নারী কল্যাণ সংঘের নেত্রী আলেয়া বেগম, শাপলা কুঁড়ির নিবাসী শিশু বাদশা গাজী প্রমুখ। অনুষ্ঠান চলাকালে সুবিধাবঞ্চিত এই শিশুরা নাচ, গানসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করে। ১৯৯৭ সাল থেকে ফরিদপুরের যৌনকর্মী ও তাদের সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষা এবং অধিকার ও উন্নয়নের জন্য কাজ করে আসছে বেসরকারি উন্নয়ন সংস্থা শাপলা মহিলা সংস্থা নামের এই সংস্থাটি। ২০০৩ সালে এ্যাকশন এইড-এর সহায়তায় সংস্থাটি পিছিয়ে পড়া এই শিশুদের নিরাপদ আবাসন ও শিক্ষার জন্য পৃথক সেফ হোম করার পরিকল্পনা নেয়। তারই ধারাবাহিকতায় দেশের মধ্যে এই প্রথম ব্যতিক্রমধর্মী এই সেফ হোম প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়। প্রথম পর্যায়ে সেফ হোমে ২৫ জন শিশুর সার্বিক দায়িত্ব নেবে শাপলা সংস্থা। পরবর্তীতে সেখানে ১শ’ শিশুকে পর্যায়ক্রমে আবাসন শিক্ষা ও স্বাস্থ্যসেবার ব্যবস্থা করা হবে।